উত্তরা প্রতিদিন
ঢাকা

অকালে চলে গেলেন হলিউড অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ের

উত্তরা প্রতিদিন বিনোদন ডেস্ক ১৭ আগস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ণ
অকালে চলে গেলেন হলিউড অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ের

‘নাশভিল’ ও ‘হিরোস’-এর মতো জনপ্রিয় টেলিভিশন সিরিজে অভিনয়ের জন্য পরিচিত মার্কিন অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ের ৩৬ বছর বয়সে মারা গেছেন। রোববার এবিসি নিউজ হেইডেনের প্রতিনিধির বরাত দিয়ে তার মৃত্যুর খবর জানায়।

এক বিবৃতিতে হেইডেনের প্রতিনিধি বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা আমাদের প্রিয় হেইডেনের মর্মান্তিক মৃত্যুর খবর জানাচ্ছি। তিনি ছিলেন এক অসাধারণ আলোকবর্তিকা এবং এক অপ্রতিরোধ্য শক্তি। তিনি তার পরিচিত সকলের জীবনে এবং পর্দায় তাকে দেখা কোটি কোটি দর্শকের মাঝে অপরিসীম ভালোবাসা ও আনন্দ ছড়িয়ে দিয়েছেন।’

হেইডেনের বাবা পরিবারের এই শোকাবহ সময়ে তাদের ব্যক্তিগত পরিসর দেওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন। তার মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

তবে মার্কিন সংবাদমাধ্যম টিএমজেড জানিয়েছে, মৃত্যুর কারণ নির্ধারণে তদন্ত চলছে। ১৯৮৯ সালে জন্ম নেওয়া হেইডেন প্যানেটিয়ের শিশু তারকা হিসেবে অভিনয়জীবন শুরু করেন। পরবর্তী সময়ে চলচ্চিত্র ও টেলিভিশনে অসংখ্য চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পান। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘রিমেম্বার দ্য টাইটানস’, ‘আইস প্রিন্সেস’, ‘স্ক্রিম ৪’ এবং ‘স্ক্রিম ৬’।

টেলিভিশনে ‘হিরোস’ ও ‘নাশভিল’ সিরিজে অভিনয় করে তিনি বিশেষ জনপ্রিয়তা অর্জন করেন। অভিনয়ের পাশাপাশি হেইডেন ‘দিস ইজ মি: এ রেকনিং’ নামে একটি স্মৃতিকথা লিখেছেন, যা চলতি বছরের মে মাসে প্রকাশিত হয়।

বইটিতে শিশু তারকা হিসেবে বেড়ে ওঠার চাপ, আসক্তির সঙ্গে তার লড়াই এবং সেখান থেকে ঘুরে দাঁড়ানোর অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি। স্মৃতিকথায় মায়ের সঙ্গে তার দূরত্বের কথাও উঠে এসেছে। হেইডেনের শৈশবে তার মা তার ক্যারিয়ার পরিচালনা করতেন। পরবর্তী সময়ে হেইডেনের প্রকাশিত বই নিয়ে তার মা সমালোচনাও করেছিলেন।

হেইডেন প্যানেটিয়েরের মৃত্যুতে হলিউডে নেমে এসেছে শোকের ছায়া। সূত্র: সিএনএ

 

Read more — বিনোদন
Home