উত্তরা প্রতিদিন
ঢাকা

রাজশাহীতে অটোরিকশাচালক হত্যার মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৮

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ২০ মে ২০২৬, ০৫:১২ অপরাহ্ণ
রাজশাহীতে অটোরিকশাচালক হত্যার মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৮

রাজশাহী মহানগরীর দামকুড়া থানা এলাকায় সংঘটিত অটোরিকশাচালক হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। ছিনতাইয়ের উদ্দেশ্যে সংঘটিত এ ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া অটোরিকশা, চারটি ব্যাটারি ও বিভিন্ন যন্ত্রপাতি।

আজ বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে আরএমপির মুখপাত্র গাজিউর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, নিহত মামুনুর রশিদ গত ২ মে বিকেল সাড়ে ৪টার দিকে প্রতিদিনের মতো ভাড়ায় চালানোর উদ্দেশ্যে অটোরিকশা নিয়ে গ্যারেজ থেকে বের হন। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে দামকুড়া থানা পুলিশ জোতরাবোন উত্তরপাড়া এলাকায় রাস্তার পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে।

পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করে। এ ঘটনায় নিহতের বড় ভাই বাবুল বাদী হয়ে দামকুড়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, তদন্তে উঠে আসে—অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করে দুর্বৃত্তরা কোর্ট স্টেশন এলাকা থেকে কাশিয়াডাঙ্গা বাজারে যাওয়ার কথা বলে মামুনুর রশিদের অটোরিকশা ভাড়া নেয়। পথে কাশিয়াডাঙ্গা মোড়ে একটি চায়ের দোকানে চায়ের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে তাকে খাওয়ানো হয়। পরে দামকুড়া থানার জোতরাবোন এলাকায় পৌঁছালে তিনি অচেতন হয়ে পড়েন। তখন তাকে রাস্তার পাশে ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। ঘটনার পর ডিবির একটি বিশেষ দল ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহ্ আলী মিয়া ও তার দল গত ১৫ মে ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার করে।

এ সময় গ্রেপ্তার করা হয় হড়গ্রাম পূর্বপাড়ার বাসিন্দা মাসুদ রানার ছেলে তানভীর রানা প্রান্ত, লক্ষীপুর ভাটাপাড়ার বাসিন্দা ইনসানের ছেলে শামীম, আলীগঞ্জ পূর্ব মোল্লাপাড়ার বাসিন্দা জামালের ছেলে রাব্বি এবং ভাটাপাড়ার বাসিন্দা মোকলেসের ছেলে নূর আলমকে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ১৯ ও ২০ মে ধারাবাহিক অভিযান চালিয়ে মামলার মূল পরিকল্পনাকারী মোল্লাপাড়ার বাসিন্দা মৃত আব্দুল রশিদের ছেলে ওমর ফারুক বাবুসহ আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। অন্যরা হলেন- সুতাহাটি এলাকার বাসিন্দা রাজ্জাকের ছেলে সেলিম, মাসকাটাদিঘি এলাকার বাসিন্দা মৃত কালামের ছেলে সুজন এবং খরিবোনা এলাকার বাসিন্দা মৃত আইনুদ্দিনের ছেলে রাহেনুল হক।

পুলিশের দাবি, গ্রেপ্তারদের কাছ থেকে ছিনতাই হওয়া অটোরিকশা, চারটি ব্যাটারি এবং ব্যাটারি খোলার বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার আটজনের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে আরএমপি।

Read more — উত্তরাঞ্চল
Home