উত্তরা প্রতিদিন
ঢাকা

ঈদের পরদিনই পরিচ্ছন্ন রাজশাহী উপহার দিতে চাই : রাসিক প্রশাসক

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ২০ মে ২০২৬, ০৫:০১ অপরাহ্ণ
ঈদের পরদিনই পরিচ্ছন্ন রাজশাহী উপহার দিতে চাই : রাসিক প্রশাসক

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ওয়ার্ড সচিব, ওয়ার্ড সুপারভাইজার, পরিচ্ছন্ন কর্মকর্তা, পরিচ্ছন্ন পরিদর্শক ও কেন্দ্রীয় সুপারভাইজারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার নগর ভবনের এনেক্স হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন মো মাহফুজুর রহমান রিটন।

সভায় রাসিক প্রশাসক কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে সংশ্লিষ্টদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন। এ সময় পরিচ্ছন্নতা কার্যক্রমে নিয়োজিত কর্মকর্তারা নির্ধারিত সময়ের মধ্যে বর্জ্য অপসারণের প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, 'প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে নগরবাসীর সেবার সুযোগ দিয়েছেন। সেই দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করছি। আসন্ন ঈদে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ঈদের দিবাগত রাতের মধ্যেই সব বর্জ্য অপসারণ করে পরদিনই নগরবাসীকে পরিচ্ছন্ন রাজশাহী উপহার দিতে চাই।'

রাসিক প্রশাসক আরও বলেন, 'প্রথমবারের মতো রাজশাহী সিটি করপোরেশনের পক্ষ থেকে নাগরিকদের জন্য কোরবানির মাংস স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণের জন্য পরিবেশবান্ধব ব্যাগ এবং বর্জ্য অপসারণে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার সরবরাহ করা হবে।'

তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, 'কোরবানির বর্জ্য যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। রাজশাহীকে শুধু দেশে নয়, বিশ্বেও পরিচ্ছন্ন নগরী হিসেবে পরিচিত করতে চাই। এ কাজে সবার সহযোগিতা প্রয়োজন।'

সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন রাসিকের সচিব সোহেল রানা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন (পরাগ)। সভা সঞ্চালনা করেন উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু।

Read more — উত্তরাঞ্চল
Home