উত্তরা প্রতিদিন
ঢাকা

রাজশাহীতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ১৯ মে ২০২৬, ০৪:০৮ অপরাহ্ণ
রাজশাহীতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

সারাদেশের ন্যায় রাজশাহীতেও শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬। আজ মঙ্গলবার সকালে নগরীর বোয়ালিয়া ভূমি অফিস চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে রাজধানীর তেঁজগাওস্থ ভূমি ভবনে মেলাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন, যা রাজশাহী বোয়ালিয়া ভূমি অফিস চত্বরে বড় পর্দায় প্রদর্শন করা হয়। এসময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, আরএমপির অতিরিক্ত কমিশনার ফারুক হোসেন, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা।

কেন্দ্রীয় অনুষ্ঠান শেষে বোয়ালিয়া ভূমি অফিস চত্বরে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। পরে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

উদ্বোধনী বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জনসচেতনতা বাড়াতে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, ভূমি নিয়ে আমাদের সচেতনতা ও দাপ্তরিক স্বচ্ছতার যথেষ্ট ঘাটতি ছিল। সেটি অনেকটাই দূর করতে সক্ষম হয়েছি। ভূমি সংশ্লিষ্ট সেবাকে আরও জনবান্ধব করার লক্ষ্যেই এই আয়োজন।

তিনি আরও বলেন, নামজারি, ভূমি বিরোধ নিষ্পত্তির আবেদন, মৌজা ম্যাপসহ বিভিন্ন অনলাইন সেবা সম্পর্কে মানুষকে জানানো হবে। পাশাপাশি ভূমি সংক্রান্ত যেকোনো প্রশ্নের উত্তর ও প্রয়োজনীয় পরামর্শও দেওয়া হবে মেলায়।

দুর্নীতি ও অনিয়মমুক্ত ভূমিসেবা নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করে বজলুর রশীদ বলেন, ভূমি অফিসে কোনো ধরনের অনিয়ম বা অন্যায় হলে তা আমাদের সামনে তুলে ধরুন। আমরা আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

এর আগে সকালে নগরীর আইন মহাবিদ্যালয় থেকে বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বোয়ালিয়া ভূমি অফিসে গিয়ে শেষ হয়।

Read more — উত্তরাঞ্চল
Home