উত্তরা প্রতিদিন
ঢাকা

জেলা প্রশাসকের হস্তক্ষেপে ধর্মঘটের অবসান, পুনরায় চালু যান চলাচল

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ১৮ মে ২০২৬, ১১:৩৪ অপরাহ্ণ
জেলা প্রশাসকের হস্তক্ষেপে ধর্মঘটের অবসান, পুনরায় চালু যান চলাচল

রাজশাহীর জেলা প্রশাসকের হস্তক্ষেপে রাজশাহীর পরিবহন ধর্মঘটের অবসান হয়েছে এবং পুনরায় চালু হয়েছে যান চলাচল। সোমবার (১৮ মে) সকাল থেকে পরিবহন মালিক ও শ্রমিকদের ডাকা ধর্মঘটে নগরীর বিভিন্ন রুটে প্রায় ১২ ঘণ্টা বাসসহ সব ধরনের যান চলাচল বন্ধ থাকে, ফলে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। দিনভর এই অচলাবস্থায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রী, কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে অনেকেই বিপাকে পড়েন, জরুরি কাজেও বিঘ্ন ঘটে। পরিস্থিতি স্বাভাবিক করতে রাতে উদ্যোগ নেন রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম। তাঁর সার্বিক তত্ত্বাবধানে রাত সাড়ে ৮টার দিকে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দীর্ঘ আলোচনার পর উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়। এর ফলে ধর্মঘট প্রত্যাহার করা হয় এবং রাত থেকেই ধীরে ধীরে বিভিন্ন রুটে যান চলাচল পুনরায় শুরু হয়। জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, “সাধারণ মানুষের স্বার্থ রক্ষা এবং জনদুর্ভোগ লাঘবে জেলা প্রশাসন সর্বদা সচেষ্ট। আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যার শান্তিপূর্ণ সমাধান সম্ভব।” তিনি সংশ্লিষ্ট সকলকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। রাত থেকেই বাসসহ অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করায় যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। ধীরে ধীরে রাজশাহীর সড়ক যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়ে উঠছে।

Read more — উত্তরাঞ্চল
Home