উত্তরা প্রতিদিন
ঢাকা

বগুড়ায় দুই ভাইকে কুপিয়ে হত্যা

উত্তরা ডেস্ক ১৮ মে ২০২৬, ০৮:০২ অপরাহ্ণ
বগুড়ায়  দুই ভাইকে কুপিয়ে হত্যা

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো দুই ভাইকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাহাত মণ্ডল (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- ওই গ্রামের জামিল উদ্দিনের ছেলে ইয়াছিন আলী (৩৩) এবং মোফাজ্জল হোসেন মোল্লার ছেলে সুমন মোল্লা (৩৫)। তারা সম্পর্কে চাচাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে ইয়াছিন ও সুমনের ওপর হামলা চালানো হয়। এতে গুরুতর আহত হন তারা দুজন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার উদ্যোগ নিলে ঘটনাস্থলেই ইয়াছিন আলীর মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় সুমন মোল্লাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

নিহত ইয়াছিনের এক স্বজন অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে জমি নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে হামলার ঘটনা ঘটে।

এদিকে খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

 

Read more — উত্তরাঞ্চল
Home