উত্তরা প্রতিদিন
ঢাকা

দুই পাহারাদারকে বেঁধে গভীর নলকূপের ৩ ট্রান্সফরমার চুরি

উত্তরা ডেস্ক ১৮ মে ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ণ
দুই পাহারাদারকে বেঁধে গভীর নলকূপের ৩ ট্রান্সফরমার চুরি

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বুড়াইল গ্রামে একটি গভীর নলকূপের তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে।

 

শনিবার (১৬ মে) রাতে উপজেলার বুড়াইল গ্রামের ফসলি মাঠে মাহবুব হোসেন সরদারের গভীর নলকূপে এ ঘটনা ঘটে।

রোববার (১৭ মে) সকালে স্থানীয় লোকজন ওই গভীর নলকূপের ঘর থেকে হাত-পা বাঁধা অবস্থায় পাহারাদার আব্দুর রশিদ ফকির ও আবদুস সাত্তারকে উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘবদ্ধ চোরচক্রটি গভীর রাতে মাঠে প্রবেশ করে প্রথমে দুই পাহারাদারকে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। পরে বৈদ্যুতিক খুঁটি থেকে একে একে তিনটি ট্রান্সফরমার নিচে নামিয়ে সেগুলোর ভেতরের তামার তার খুলে নিয়ে যায়। তবে ট্রান্সফরমারের খোলস ঘটনাস্থলেই ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

গভীর নলকূপের মালিক মাহবুব হোসেন বলেন, রাতে ৫ থেকে ৬ জনের একটি দল পাহারাদারদের মারধর করে বেঁধে গভীর নলকূপের ঘরে ফেলে রাখে। এরপর রাতে ঝড়-বৃষ্টি শুরু হলে বৈদ্যুতিক পোল থেকে ট্রান্সফরমার নিচে নামিয়ে তামার তার খুলে নিয়ে যায়। সকালে দুই পাহারাদারকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়।

 

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তাদুল আলম বলেন, গভীর নলকূপের তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় থানায় একটি এজাহার দায়ের হয়েছে। সংঘবদ্ধ চোরচক্রদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে।

 

Read more — উত্তরাঞ্চল
Home