উত্তরা প্রতিদিন
ঢাকা

যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে গ্রামের অর্থনীতিও গতিশীল হয়

মোহনপুরে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে এমপি মিলন
উত্তরা প্রতিবেদক ১৭ মে ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ণ
যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে গ্রামের অর্থনীতিও গতিশীল হয়

রাজশাহীর মোহনপুর উপজেলার বিভিন্ন এলাকায় সড়ক ও সেতু উন্নয়ন কার্যক্রমে গতি আনতে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

আজ রোববার দিনব্যাপী আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে এসব প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মোহনপুর কার্যালয়ের বাস্তবায়নে কয়েক কোটি টাকা ব্যয়ে এসব উন্নয়ন কাজ চলছে।

উদ্বোধনী অনুষ্ঠানে এমপি মিলন বলেন, 'গ্রামীণ অবকাঠামো উন্নয়নই টেকসই উন্নয়নের মূল ভিত্তি। সড়ক ও সেতুর উন্নয়ন হলে কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ সব খাতে ইতিবাচক পরিবর্তন আসে। যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে গ্রামের অর্থনীতিও গতিশীল হয়।

তিনি বলেন, সরকারের ধারাবাহিক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে মোহনপুর উপজেলার প্রত্যন্ত এলাকাগুলোতে আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানিয়ে এমপি মিলন বলেন, বর্তমানে সমাজের সবচেয়ে বড় সমস্যা মাদক। সন্তানদের প্রতি অভিভাবকদের আরও সচেতন হতে হবে। একটি সন্তান মাদকে জড়িয়ে পড়লে পুরো পরিবার বিপর্যস্ত হয়ে যায়।

তিনি আরও বলেন, এলাকায় কোনো মাদক কারবারি বা সন্ত্রাসী থাকলে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। সামাজিক প্রতিরোধ গড়ে তুলেই মাদক ও সন্ত্রাস মোকাবিলা সম্ভব।

উদ্বোধন করা প্রকল্পগুলোর মধ্যে রয়েছে খয়ড়া–চাঁদপুর সড়ক উন্নয়ন, বেলগাছি–মুগরইল সড়ক উন্নয়ন, পালসা কুড়নিপাড়া বিএমডিএ ডিপ–ভীমনগর সড়ক উন্নয়ন এবং বড়াইল আরঅ্যান্ডএইচ–সরমইল নিমতলা ব্রিজ সংযোগ সড়ক উন্নয়ন প্রকল্প।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এসব এলাকার সড়ক ও সেতুর বেহাল অবস্থার কারণে বর্ষা মৌসুমে চরম দুর্ভোগ পোহাতে হতো। উন্নয়ন কাজ শেষ হলে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে এবং কৃষি, ব্যবসা ও শিক্ষা কার্যক্রমে গতি আসবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, মোহনপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান ও সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মজিদ উদ্দিন সরকার।

এছাড়া উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা এলজিইডি প্রকৌশলী সাইদুর রহমান, সিনিয়র সহকারী প্রকৌশলী আব্দুল কাইয়ুম, সহকারী প্রকৌশলী রঞ্জন কুমার সাহা, উপ-সহকারী প্রকৌশলী রিপন আলী ও মঞ্জুর হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলজিইডি কর্মকর্তারা।

Read more — উত্তরাঞ্চল
Home