উত্তরা প্রতিদিন
ঢাকা

ফারাক্কা দিবসে রাজশাহীতে মানববন্ধন

উত্তরা প্রতিবেদক ১৬ মে ২০২৬, ১২:৪৮ অপরাহ্ণ
ফারাক্কা দিবসে রাজশাহীতে মানববন্ধন

রাজশাহীতে ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 'গোলামির পানি চুক্তি আর নয়, গঙ্গার পানির ন্যায্য হিস্যা চাই' প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শনিবার নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন, রাজশাহী শাখার উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে নদী রক্ষা, গঙ্গার পানির ন্যায্য বণ্টন এবং ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ফারাক্কা বাঁধ নির্মাণের পর থেকে পদ্মাসহ দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের নদ-নদীগুলো ক্রমেই পানিশূন্য হয়ে পড়ছে। এর ফলে পরিবেশ, কৃষি, জীববৈচিত্র্য ও নৌ-চলাচলে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে। নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকারকে আরও কার্যকর ও কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, নদী বাঁচলে দেশ বাঁচবে। তাই দেশের নদীগুলো রক্ষায় দীর্ঘমেয়াদি জাতীয় পরিকল্পনা গ্রহণের পাশাপাশি আন্তর্জাতিক নদীর পানিবণ্টনে বাংলাদেশের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন রাজশাহী শাখার উপদেষ্টা ওয়াসিম হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম স্বপন, রাজশাহী বার অ্যাসোসিয়েশন-এর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ মেহেদী, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন-এর সহ-সভাপতি মঈনউদ্দিন ও সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত, কবি ও সাংবাদিক সোহেল মাহবুবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের রাজশাহী শাখার সভাপতি ইফতেখারুল আলম মাসুদ। সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক আহসান হাবীব।

Read more — উত্তরাঞ্চল
Home