উত্তরা প্রতিদিন
ঢাকা

ইন্টারনেট বিচ্ছিন্ন হলে সরকারও পড়ে যেতে বাধ্য হয়: ভূমিমন্ত্রী

উত্তরা প্রতিবেদক ১৫ মে ২০২৬, ০৫:৩০ অপরাহ্ণ
ইন্টারনেট বিচ্ছিন্ন হলে সরকারও পড়ে যেতে বাধ্য হয়: ভূমিমন্ত্রী

বর্তমান বিশ্বব্যবস্থায় ইন্টারনেটের গুরুত্ব তুলে ধরে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, ‘ইন্টারনেট যোগাযোগ যেন কোনো দিনই বিচ্ছিন্ন না হয়। ইন্টারনেট বন্ধ হলে মানুষের মধ্যে বিরূপ ধারণার সৃষ্টি হয়, দেশে অচলাবস্থার তৈরি হয় এবং সুন্দর পরিবেশ থেকেও সরকার দ্রুত পড়ে যেতে বাধ্য হতে পারে।’

শুক্রবার (১৫ মে) দুপুরে রাজশাহী নগরীর এক অভিজাত হোটেলে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) আয়োজিত ‘আইএসপিএবি-নিক্স রাজশাহী বিভাগীয় পপ’ উদ্বোধনী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘রাজশাহীর উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। গ্রিন সিটি হিসেবে পরিচিত রাজশাহীকে আরও আধুনিক ও নান্দনিক করতে কাজ চলছে। ড্রেনেজ ও পানির লাইনের মতো ভবিষ্যতে ইন্টারনেট সংযোগ লাইনও মাটির নিচ দিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এতে একদিকে ঝুঁকি কমবে, অন্যদিকে নগরীর সৌন্দর্য বৃদ্ধি পাবে।’

তিনি আরও বলেন, ‘শিক্ষানগরী রাজশাহীকে পরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে। এই নগর অত্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্ন এবং এখানকার মানুষ শান্ত ও ভদ্র। নগরের পরিচ্ছন্নতা ব্যবস্থাপনাও পরিকল্পিতভাবে পরিচালিত হচ্ছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শফিউল আজম পারভেজ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএসপিএবি রাজশাহী বিভাগের সভাপতি শহীদুজ্জামান।

আয়োজকরা জানান, রাজশাহী বিভাগে নিক্স স্থাপনের ফলে এ অঞ্চলের ইন্টারনেট সেবার মান, গতি ও স্থিতিশীলতা আরও বৃদ্ধি পাবে। স্থানীয়ভাবে ডাটা আদান-প্রদান সহজ হবে, লেটেন্সি কমবে এবং ব্যবহারকারীরা দ্রুত ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সুবিধা পাবেন। পাশাপাশি অনলাইন শিক্ষা, ফ্রিল্যান্সিং, ই-গভর্ন্যান্স ও ডিজিটাল ব্যবসা সম্প্রসারণেও নতুন সম্ভাবনা তৈরি হবে।

এর আগে, শুক্রবার সকালে নগরীর নওদাপাড়ায় ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত ব্রাক বার্ষিক প্রতিবেদন-২০২৫ প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ভূমিমন্ত্রী। সেখানে তিনি রাজশাহীর ঐতিহ্যবাহী সিল্ক শিল্প পুনরুজ্জীবিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

মন্ত্রী বলেন, ‘পাটের মতো রাজশাহীর সিল্কও বাংলাদেশের ঐতিহ্যের অংশ। দেশি-বিদেশি প্রতিষ্ঠানগুলোকে সিল্কের ঐতিহ্য তুলে ধরে এর প্রসারে কাজ করতে হবে।’

Read more — উত্তরাঞ্চল
Home