
চাঁপাইনবাবগঞ্জে মাদরাসায় ৯ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক সাকির আলীকে (২৩) আটক করেছে পুলিশ।
বুধবার (১৩ মে) সকালে জেলা শহরের ‘আল হিদায়াত হিফজুল কুরআন মডেল মাদরাসার ভেতরেই এই নির্যাতনের ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক সাকির আলী রাজশাহী জেলার গোদাগাড়ী থানার দুধাই নন্দীপুকুর গ্রামের বাসিন্দা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ে। ফুটেজে দেখা যায় শিক্ষক সাকির আলী শিক্ষার্থীদের সামনেই শিশুটিকে প্রথমে লাঠি দিয়ে আঘাত করেন। একপর্যায়ে তিনি শিশুটির গলা চেপে ধরে শূন্যে তুলে মারধর করেন। শিশুটি যন্ত্রণায় কান্নাকাটি করলেও শিক্ষকের মনে দয়া হয়নি বরং নির্যাতন চালিয়ে যেতে দেখা যায়। পরে অন্যরা শিক্ষককে ধরে সরিয়ে নেন।
নির্যাতনের শিকার শিশুটির পরিবার বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, অভিযোগ পাওয়া মাত্রই অভিযান চালিয়ে রাতে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে অভিযুক্ত শিক্ষককে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত সাকির আলীর বিরুদ্ধে এর আগেও শিক্ষার্থীদের সঙ্গে কঠোর আচরণ ও মারধরের ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ার পর এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

