উত্তরা প্রতিদিন
ঢাকা

অবশেষে জামিন পেলেন নাবালক তিন সন্তানের সেই মা

উত্তরা ডেস্ক ১৪ মে ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ণ
অবশেষে জামিন পেলেন নাবালক তিন সন্তানের সেই মা

অবশেষে জামিন পেলেন নওগাঁর কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার (১৩ মে) বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের আদেশে গত ১৫ দিন ধরে জেলা কারাগারে বন্দি ছিলেন তিনি।

ওই তিন সন্তানের বাবা গত মার্চে মারা যান। একমাত্র আশ্র‍য় মা-ও কারাগারে। জেল গেটে এসে দিনের পর দিন দাঁড়িয়ে থাকতো অসহায় শিশু সন্তানেরা। তাদের মাকে সামান্য আইনি সহায়তা দেওয়ার কেউ ছিল না। একটি বেসরকারি টেলিভিশিনে এমন সংবাদ প্রচারিত হলে বিষয়টি নজরে আসে প্রধানমন্ত্রীর। এরপর তিনি অসহায় সেই নারীকে আইনি সহায়তা দেওয়ার নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর নির্দেশে স্থানীয় বিএনপির নেতারা আইনি প্রক্রিয়া শুরু করেন। এরপরই যথাযথ আইনি প্রক্রিয়া শেষে জামিনে কারামুক্ত হন আঁখি খাতুন।

জানা গেছে, ওই নারীকে আইনি সহায়তা দিতে জেলার মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেটকে নির্দেশ দেওয়া হয়। জামিনের পর পরই কারাগার থেকে মুক্তি পান তিনি। পরে কারাগারের সামনে তিন সন্তানকে বুকে জড়িয়ে নেন। যা অনেকটা আবেগময় পরিবেশ তৈরি করে।

 

নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতের বর্তমান সরকারি কৌঁসুলি (পিপি) মো. শাহরিয়ার বলেন, আমাকে জানানো হয় প্রধানমন্ত্রী বিষয়টি গুরুত্বসহকারে দেখার নির্দেশ দিয়েছেন। ওই নারী যেন আইন অনুযায়ী ন্যায়বিচার ও প্রতিকার পান, সে বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে এবং অগ্রগতি জানানোসহ বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন। এর পরই তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।

পরে বিষয়টি বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ রকনুজ্জামানের নজরে আনা হলে আদালত আসামিপক্ষকে আবেদন দাখিলের নির্দেশ দেন। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবু জায়েদ মোহাম্মদ রফিকুল আলম রফিক আবেদন উপস্থাপন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত ওই নারীর জামিন মঞ্জুর করেন।

মো. শাহরিয়ার বলেন, ওই নারী এরই মধ্যে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আইন অনুযায়ী তার যে প্রতিকার পাওয়ার অধিকার, তিনি সেটি পেয়েছেন।

 

Read more — উত্তরাঞ্চল
Home