উত্তরা প্রতিদিন
ঢাকা

ত্যাগীদের মূল্যায়ন করে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে

ফেসবুক লাইভে যুবদল নেতা সোহেল
উত্তরা প্রতিবেদক ১১ মে ২০২৬, ০৮:০৭ অপরাহ্ণ
ত্যাগীদের মূল্যায়ন করে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে
আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের রাজশাহী মহানগরীর সদস্য সচিব মো. আরিফুজ্জামান সোহেল - উত্তরা প্রতিদিন

 

বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনকে আরও সুসংগঠিত, গণতান্ত্রিক ও তৃণমূলভিত্তিক শক্তিশালী দলে পরিণত করার আহ্বান জানিয়েছেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য ও আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের রাজশাহী মহানগরীর সদস্য সচিব মো. আরিফুজ্জামান সোহেল। 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বক্তব্যে তিনি দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যৎ রাজনীতিতে সাংগঠনিক ঐক্য ধরে রাখার আহ্বান জানান। তিনি বলেন, বিএনপির দুঃসময়ে যেসব নেতাকর্মী দীর্ঘদিন রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছেন, তাদের অবদানকে যথাযথভাবে মূল্যায়ন করা প্রয়োজন। তার মতে, তৃণমূলের কর্মীদের সম্মান ও গুরুত্ব দেওয়া গেলে দল আরও শক্তিশালী ও জনমুখী হয়ে উঠবে। 

বক্তব্যে অতীত আন্দোলনের নানা স্মৃতিচারণ করে তিনি বলেন, “অনেক কর্মী রাস্তায় ঘুমিয়েছে, নদীর পাড়ে, আমবাগানে, ভুট্টাখেতে, পুকুরপাড়ে রাত কাটিয়েছে শুধুমাত্র দলের জন্য।” তিনি উল্লেখ করেন, বেগম খালেদা জিয়ার প্রতি ভালোবাসা ও দলের আদর্শের কারণেই নেতাকর্মীরা দীর্ঘদিন মাঠে সক্রিয় ছিলেন। আরিফুজ্জামান সোহেল বলেন, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের কমিটি গঠনে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের প্রাধান্য দেওয়া হলে সংগঠনের ভিত আরও মজবুত হবে। 

তিনি দলীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানান, যেন তৃণমূলের মতামত ও আবেগকে গুরুত্ব দিয়ে সংগঠন পরিচালনা করা হয়। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতিও দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, জনগণের কল্যাণমুখী রাজনীতি ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির মাধ্যমে বিএনপি আরও জনপ্রিয় হয়ে উঠতে পারে। তিনি আশা প্রকাশ করেন, কেন্দ্রীয় নেতৃত্ব তৃণমূলের কর্মীদের প্রত্যাশা ও অনুভূতিকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। বক্তব্যে তিনি আরও বলেন, জনগণের আস্থা অর্জনের জন্য বিএনপিকে সুশৃঙ্খল, আদর্শভিত্তিক ও গণতান্ত্রিক ধারায় পরিচালিত হতে হবে। দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সম্মান বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন এই নেতা।

সবশেষে ত্যাগী নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, মন খারাপ করে দল থেকে দূরে না সরে গিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ‘ত্যাগীরা সবসময় ত্যাগীই থাকে’- এমন মন্তব্য করে তিনি দলকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করার আহ্বান জানান।

 

 

ইএফ/

Read more — উত্তরাঞ্চল
Home