উত্তরা প্রতিদিন
ঢাকা

রাজশাহীতে এসিডির ‘এনগেজ নাউ’ প্রকল্পের অবহিতকরণ সভা

উত্তরা প্রতিবেদক ৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৫ অপরাহ্ণ
রাজশাহীতে এসিডির ‘এনগেজ নাউ’ প্রকল্পের অবহিতকরণ সভা

রাজশাহীতে ‘জবাবদিহিতা ও মানবাধিকার সংস্কৃতিকে এগিয়ে নিতে বাংলাদেশের নারী, যুবক এবং অন্যান্য প্রান্তিক গোষ্ঠীর সম্পৃক্ততা বৃদ্ধি’ শীর্ষক প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা আয়োজন করে অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি)।

আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তত্ত্বাবধানে এবং সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে জিএফএ কনসালটিং গ্রুপের সহায়তায় নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ) প্রোগ্রামের আওতায় এনগেজ নাউ প্রকল্পটি পরিচালিত হচ্ছে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. যোবায়ের হোসেন। তিনি প্রকল্পের কার্যক্রমকে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রশাসনের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। পাশাপাশি শুধু প্রকল্প বাস্তবায়ন, যাতে করে মানুষের ইতিবাচক জীবন পরিবর্তন হয়, তার জন্য কাজ করার আহ্বান জানান। এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষকে বিচার ও মানবাধিকার সুরক্ষায় আরও আস্থা ও সক্ষমতা যোগাবে বলেও উল্লেখ করেন।

জিএফএ কনসাল্টিং গ্রুপের ফান্ড ম্যানেজমেন্ট এক্সপার্ট আজিজা আসফিন নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ) প্রোগ্রামের প্রেক্ষাপট তুলে ধরেন। পরে উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে অংশগ্রহণকারীরা কীভাবে প্রকল্প কার্যক্রমকে এগিয়ে নিতে ভূমিকা রাখা যায় তা নিয়ে পরামর্শ প্রদান করেন। সুব্রত পালের সঞ্চালনায় আইন ও সালিশ কেন্দ্রের সমন্বকারী মো. রোকনুজ্জামান এবং এসিডি প্রোগ্রাম ম্যানেজার মনিরুল ইসলাম পায়েল প্রতিষ্ঠানের পক্ষে প্রকল্প সম্পর্কিত তথ্য চিত্র উপস্থান করেন। প্রকল্পটির অন্যতম উদ্দেশ্য হলো দেশে মানবাধিকার পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নয়ন সাধন ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন নিশ্চিত করা বলে এসিডি জানায়।

সভায় আরও বক্তব্য রাখেন রাজশাহী জেলা প্রশাসনের সহকারি কমিশনার সেহরীন তাবাসসুম তিথী ও সামিয়া রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এটিএম গোলাম মাহবুব, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শবনম শিরিন, সুজনের রাজশাহী সভাপতি সফিউদ্দিন আহমদ প্রমুখ। স্থানীয় মানবাধিকার কর্মীদের অংশগ্রহণে আলোচনায় মানবাধিকার ও লিঙ্গসমতা বিষয়ে সক্রিয় ভূমিকা, আইনগত সহায়তার মাধ্যমে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায়বিচারে প্রবেশাধিকার বৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহকে নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিকারে কার্যকর পদক্ষেপ নিতে উৎসাহিত করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেওয়া হয়।

এছাড়া, বিচার ব্যবস্থায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী বিশেষত নারী ও শিশুর সহজতর প্রবেশাধিকার নিশ্চিতকরণ, দরিদ্রদের ন্যায়বিচার প্রাপ্তিতে আইনজীবীদের ভূমিকা উন্নয়ন এবং আইন ও বিচার ব্যবস্থার সংস্কারের লক্ষ্যে এসিডি নাগরিকতা প্রকল্পের আওতায় মানবাধিকার আইনজীবী ফোরাম গঠনের পরিকল্পনা গ্রহণ করে।

Read more — উত্তরাঞ্চল
Home