উত্তরা প্রতিদিন
ঢাকা

জনকল্যাণেই খাল খনন ও সড়ক উন্নয়ন করা হচ্ছে: এমপি মিলন

উত্তরা প্রতিবেদক ৯ মে ২০২৬, ০৩:৩০ অপরাহ্ণ
জনকল্যাণেই খাল খনন ও সড়ক উন্নয়ন করা হচ্ছে: এমপি মিলন

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাড. মোহাম্মদ শফিকুল হক মিলন বলেছেন, খাল খনন কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, বরং এটি সম্পূর্ণ জনস্বার্থে করা হচ্ছে। জনগণের কল্যাণ, কৃষির উন্নয়ন এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এসব উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হচ্ছে।

আজ শনিবার সকালে পবা উপজেলার বড়গাছী ইউনিয়নের দাদপুর চকপাড়া বটগাছ থেকে ফলিয়ারবিল পর্যন্ত ১ হাজার ৫১ মিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফলক উন্মোচন ও মাটি কাটার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করা হয়। পরে তিনি নওহাটা পৌরসভার বায়া-কাশিম বাজার-তানোর সড়কের ৯ হাজার ১০০ মিটার প্রশস্তকরণ, শক্তিশালীকরণ ও পুনর্বাসন কাজেরও উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে এমপি মিলন বলেন, স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। পরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র সময়েও এ কার্যক্রম চলমান ছিল। কিন্তু দীর্ঘ ১৭ বছরে নানা অনিয়মের কারণে এসব উদ্যোগ থমকে যায়। এখন আবার জনগণের স্বার্থে সেই কার্যক্রম চালু করা হয়েছে।

তিনি আরও বলেন, জনগণ ভোট দিয়ে আমাদের দায়িত্ব দিয়েছে। তাই ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা জনকল্যাণে কাজ করব। উন্নয়ন কাজে কোনো বাধা সৃষ্টি হলে স্থানীয় প্রশাসন ও জনগণকে সঙ্গে নিয়ে তা সমাধান করা হবে।

খাল পুনঃখননের সুফল তুলে ধরে এমপি মিলন বলেন, বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন সহজ হবে এবং কৃষিজমি জলাবদ্ধতা থেকে রক্ষা পাবে। পাশাপাশি শুষ্ক মৌসুমে খালে সংরক্ষিত পানি ব্যবহার করে কৃষকরা সেচ সুবিধা পাবেন। এতে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সহায়ক ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, পানির সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে কৃষির উন্নয়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্যও রক্ষা করা সম্ভব হবে। এটি একটি পরিবেশবান্ধব উদ্যোগ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন। তিনি বলেন, খাল পুনঃখনন ও সড়ক উন্নয়ন—উভয় প্রকল্পই স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খাল পুনঃখননের ফলে কৃষকরা সেচ সুবিধা পাবেন এবং বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন সহজ হবে। অন্যদিকে সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজ শেষ হলে এলাকার যোগাযোগব্যবস্থা আরও নিরাপদ ও গতিশীল হবে।

পবা উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর উদ্যোগে বড়গাছী ইউনিয়নের দাদপুর চকপাড়া বটগাছ থেকে ফলিয়ারবিল পর্যন্ত খাল পুনঃখনন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। সরকারের খাল পুনঃখনন কর্মসূচির আওতায় পরিচালিত এ প্রকল্পের চুক্তিমূল্য ২০ লাখ টাকা। কাজটি বাস্তবায়ন করছে মেসার্স শিমুল রাকা ট্রেডার্স।

অন্যদিকে নওহাটা পৌরসভার বায়া-কাশিম বাজার-তানোর সড়কের প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের চুক্তিমূল্য ধরা হয়েছে প্রায় ১৪ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করছে মেসার্স জুয়েল ইলেকট্রোনিক্স।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এ সড়কটি সরু ও ঝুঁকিপূর্ণ হওয়ায় সাধারণ মানুষ ও যানবাহন চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। উন্নয়ন কাজ সম্পন্ন হলে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে।

দাদপুর এলাকার ৮০ বছর বয়সী কৃষক আয়েন উদ্দিন বলেন, আগে এই খালে অনেক পানি থাকত। পরে ভরাট হয়ে যাওয়ায় সেচে খুব কষ্ট হতো। এখন আবার খাল খনন হলে কৃষকরা উপকার পাবে, জমিতে সহজে চাষাবাদ করা যাবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান পিটার, সাবেক সভাপতি আব্দুল হামিদ, আহ্বায়ক কমিটির সদস্য শরীফুর রহমান শরীফসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Read more — উত্তরাঞ্চল
Home