উত্তরা প্রতিদিন
ঢাকা

রাজশাহীর বৈরাগীর খাল পুনঃখননকাজ উদ্বোধন

উত্তরা প্রতিবেদক ৭ মে ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ণ
রাজশাহীর বৈরাগীর খাল পুনঃখননকাজ উদ্বোধন

রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের বৈরাগীর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। এতে স্থানীয় কৃষকদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।  আজ বৃহস্পতিবার (৭ মে) সকালে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন মাটি কেটে এ পুনঃখননকাজ উদ্বোধন করেন।

 

দীর্ঘদিন ধরে পলি জমে ভরাট হয়ে যাওয়া খালটি পুনঃখননের ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বৈরাগীর খালের জলিলের ভাটা থেকে ফলিয়ার বিল পর্যন্ত তিন কিলোমিটার খাল পুনঃখনন কাজের জন্য বরাদ্দ ধরা হয়েছে ১ কোটি ২৯ লাখ ৫৯ হাজার ৭৭৬ টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে খালের পানি ফলিয়ার বিল হয়ে দুর্গাপুর উপজেলার প্রধান নদী হোজা নদীতে গিয়ে মিলিত হবে। ফলে কৃষিজমিতে পানি নিষ্কাশন সহজ হবে এবং শুষ্ক মৌসুমে সেচ সুবিধা বৃদ্ধি পাবে। এই পুনঃখনন কার্যক্রমের সুফল পাবে প্রায় ২০ হাজার পরিবার।

 

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শফিকুল হক মিলন বলেন, খাল পুনঃখনন শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়; এটি কৃষক, কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে টিকিয়ে রাখার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। দীর্ঘদিন ধরে খালগুলো ভরাট হয়ে যাওয়ায় কৃষকরা সেচ সংকট, জলাবদ্ধতা ও পানি নিষ্কাশনের সমস্যায় ভুগছেন। বৈরাগীর খাল পুনঃখনন হলে এই অঞ্চলের কৃষিতে নতুন প্রাণ ফিরে আসবে।

 

খাল পুনঃখনন কাজ তদারকির জন্য উপজেলা পর্যায়ে একটি তদারকি দল গঠন করা হয়েছে। এই দলের আহ্বায়ক করা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীনকে। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল ইসলাম। সদস্য হিসেবে রয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা এম এ মান্নান, উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন এবং পারিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ আলী।

 

অনুষ্ঠানে পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহবায়ক সুলতান আহমেদ, কুতুবউদ্দিন বাদশা, পারিলা ইউপি চেয়ারম্যান সাঈদ আলী মোরশেদ, পারিনা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রেজাউল করিম, সদস্য সচিব মোখলেসুর রহমান রেন্টু, জেলা ছাত্রদলের সদস্য সচিব আলামিন, নহাটা পুরো ছাত্রদলের আহ্বায়ক সোহেল রহমানসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, এলাকাবাসী, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Read more — কৃষি
Home