উত্তরা প্রতিদিন
ঢাকা

কৃষক কার্ডের মাধ্যমে দেশের কৃষির চেহারা পাল্টে যাবে : কৃষিমন্ত্রী

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ণ
কৃষক কার্ডের মাধ্যমে দেশের কৃষির চেহারা পাল্টে যাবে : কৃষিমন্ত্রী

 কৃষক কার্ডের মাধ্যমে দেশের কৃষির চেহারা পাল্টে যাবে বলে মন্তব্য করেছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ। তিনি বলেছেন, কৃষক কার্ডের মাধ্যমে দেশের কৃষিতে একটা বিপ্লব ঘটবে।

 

সরকারের কাছে কৃষির একটি সঠিক পরিসংখ্যান থাকবে। যার মাধ্যমে বাজার চাহিদা বোঝা যাবে এবং দাম নিয়ন্ত্রণে সহায়ক হবে। এতে ভোক্তা ও কৃষক কেউ ক্ষতিগ্রস্ত হবে না। 

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ফেনীর ফুলগাজীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের (১৭ সেপ্টেম্বর) জনসভাস্থল পরিদর্শনকালে এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, আগে সরকারের কাছে কৃষকদের প্রকৃত কোনো তথ্য ছিল না। কৃষিকাজের সঙ্গে সরাসরি জড়িত কতজন কৃষক ধান চাষ করছেন, কতজন পেঁয়াজ চাষ করছেন তার কোনো ডাটাবেজ ছিল না। এটি থাকলে কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য ও ভোক্তাদের নানা ক্ষেত্রে সুবিধা হতো। 

 

মন্ত্রী বলেন, বহু বছর পর দেশে জনগণের ভোটে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় এসেছে।

এজন্য দেশের নানা ক্ষেত্রে উন্নয়ন দৃশ্যমান হচ্ছে। কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পেয়ে লাভবান হচ্ছেন। বর্তমান সরকার পেঁয়াজ সংরক্ষণে ভূমিকা রেখেছে বলে দেশে এখনো ১৫ হাজার মেট্রিক টন পেঁয়াজ মজুদ আছে। দেশে পেঁয়াজের কোনো সংকট নেই, সংকট হবেও না। আগামীতে বাংলাদেশ পেঁয়াজ রপ্তানি করবে।

 

 

 

আমিন উর রশিদ বলেন, আমাদের নির্দিষ্ট পরিমাণ সার রিজার্ভ থাকে। সারা বছরের চাহিদা অনুযায়ী প্রত্যেক মাসে সার জাহাজে এসে থাকে। ওইভাবে আমরা আমদানি করে থাকি। কোনো কোনো মাসে হয়তো কিছু কম থাকে, আবার কোনো মাসে চারগুণ বেশি থাকে। এ মুহূর্তে সারের কোনো সংকট নেই। একেবারে স্পষ্টভাবে বলছি, সারের কোনো সংকট নেই। যদি কেউ সংকট বলে তাহলে মানুষের ধানের গোলার ভিতরে সার এলো কই থেকে, সার থাকার কথা ডিলারের ওখানে, কিন্তু সার পাওয়া যাচ্ছে। অন্য গোডাউনে, যেখানে সার থাকার কথা নয়। আমাদের দেশে কিছু দুষ্ট লোক আছে। এদের কারণে দেশ, জাতি ও সমাজ ক্ষতিগ্রস্ত হয়।

এ সময় কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াসীন, কৃষি অধিদপ্তরের মহা পরিচালক মো. আব্দুর রহিম, জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম, জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাওসার হামিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

উত্তরা/এএম 

Read more — কৃষি
Home