উত্তরা প্রতিদিন
ঢাকা

টেকসই কৃষিতে পরাগায়নকারীদের গুরুত্ব তুলে ধরল সিনজেনটা বাংলাদেশ ও ডিএই

বিশ্ব মৌমাছি দিবস-২০২৬ উদযাপন
উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ২২ জুন ২০২৬, ০৫:০৮ অপরাহ্ণ
টেকসই কৃষিতে পরাগায়নকারীদের গুরুত্ব তুলে ধরল সিনজেনটা বাংলাদেশ ও ডিএই

টেকসই কৃষি, জীববৈচিত্র্য সংরক্ষণ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মৌমাছিসহ অন্যান্য পরাগায়নকারীর গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরতে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়ায় বিশ্ব মৌমাছি দিবস-২০২৬ উদযাপন করেছে সিনজেনটা বাংলাদেশ লিমিটেড ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড), গোপালগঞ্জের মহাপরিচালক ড. আব্দুল্লাহ-আল-মামুন, পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়ার মহাপরিচালক ড. আব্দুল মজিদ প্রামাণিক এবং ডিএই, বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আব্দুল ওয়াদুদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড সাসটেইনেবিলিটি বিভাগের পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম। তিনি টেকসই কৃষি উন্নয়নে সিনজেনটার দীর্ঘদিনের অঙ্গীকার এবং কৃষকদের কল্যাণে ডিএই-এর সঙ্গে প্রতিষ্ঠানের চলমান অংশীদারিত্বের বিভিন্ন দিক তুলে ধরেন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিনজেনটা বাংলাদেশের সিনিয়র ম্যানেজার (স্টুয়ার্ডশিপ অ্যান্ড এনগেজমেন্ট) ড. মোহাম্মদ হাবিবুল্লাহ। তিনি কৃষি উৎপাদন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে মৌমাছির অপরিহার্য ভূমিকার ওপর আলোকপাত করেন। একই সঙ্গে তিনি পরাগায়নকারীদের সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি ও সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে 'কৌশলগত সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে গোয়েন্দাভিত্তিক প্রয়োগ ব্যবস্থা জোরদারকরণ' শীর্ষক একটি কারিগরি অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনে কৃষি খাতকে নকল ও অবৈধ কৃষি উপকরণের ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে সরকারি সংস্থা, নিয়ন্ত্রক কর্তৃপক্ষ এবং বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী মৌচাষী, সরকারি-বেসরকারি কর্মকর্তাগণ, মৌমাছি ও অন্যান্য পরাগায়নকারীর আবাসস্থল সংরক্ষণ, নিরাপদ কৃষি চর্চা এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার প্রসারে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Read more — কৃষি
Home