
রাজশাহী মহানগর ছাত্রদলের কমিটি বিলুপ্তির প্রায় সাত মাস পর নতুন করে ৬ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাকিন রাইহান রবীন এবং সদস্য সচিব করা হয়েছে ইমদাদুল হক লিমনকে। শনিবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন আবুল কালাম আজাদ তপন, সাফায়াত হোসেন মান্নাত ও সাব্বির আহমেদ অন্তর। বিজ্ঞপ্তিতে নবগঠিত এ আহ্বায়ক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ২৬ সেপ্টেম্বর রাজশাহী মহানগর ছাত্রদলের পূর্বের কমিটি বিলুপ্ত করা হয়। দীর্ঘ বিরতির পর নতুন এই অ্যাডহক কমিটি ঘোষণার মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমে গতি ফেরানোর প্রত্যাশা করছেন নেতাকর্মীরা।

