উত্তরা প্রতিদিন
ঢাকা

আম রপ্তানি বাড়াতে ‘গ্লোবাল গ্যাপ’ সার্টিফিকেশনে জোর

রাজশাহীতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
উত্তরা প্রতিবেদক ২৯ এপ্রিল ২০২৬, ০২:৫৩ অপরাহ্ণ
আম রপ্তানি বাড়াতে ‘গ্লোবাল গ্যাপ’ সার্টিফিকেশনে জোর

আন্তর্জাতিক বাজারে, বিশেষ করে ইউরোপে বাংলাদেশের আম রপ্তানি বাড়াতে গ্লোবাল গ্যাপ (GLOBAL GAP) সার্টিফিকেশন অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। আজ বুধবার এ লক্ষ্যে রাজশাহীতে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহীর সম্মেলন কক্ষে ‘GLOBAL GAP Certification System for Mango Export in Europe’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়।

অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফ্রুটস, ভেজিটেবলস অ্যান্ড এলাইড প্রোডাক্টস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (BFVAPEA), ঢাকার সাধারণ সম্পাদক কৃষিবিদ মো. হাফিজুর রহমান। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের বাজারে প্রবেশের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত গ্লোবাল গ্যাপ মানদণ্ড অনুসরণ অপরিহার্য। এ সার্টিফিকেশন নিশ্চিত করা গেলে দেশের আমের গুণগত মান বৃদ্ধি পাবে এবং রপ্তানির নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।

বাংলাদেশ ফ্রুটস, ভেজিটেবলস অ্যান্ড এলাইড প্রোডাক্টস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (BFVAPEA)-এর উদ্যোগে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের এগ্রো প্রোডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিল (APBPC)-এর আর্থিক সহযোগিতায় কর্মশালাটি আয়োজন করা হয়। এতে কারিগরি সহায়তা প্রদান করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী।

কর্মশালায় রপ্তানিকারক, উপসহকারী কৃষি কর্মকর্তা, আমচাষি ও সরবরাহকারীসহ মোট ৫০ জন অংশগ্রহণ করেন। প্রশিক্ষক হিসেবে ছিলেন রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মোসাররফ হোসেন, উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) পাপিয়া রহমান মৌরী এবং এগ্রো প্রোডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিলের উপপরিচালক কাজী মো. আনিসুর রহমান।

কর্মশালায় অংশগ্রহণকারীরা গ্লোবাল গ্যাপ মানদণ্ড অনুসরণ করে নিরাপদ ও মানসম্মত আম উৎপাদন এবং ইউরোপের সুপারমার্কেটে রপ্তানির লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

Read more — কৃষি
Home