উত্তরা প্রতিদিন
ঢাকা

নওগাঁয় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বা গৃহবধূর

উত্তরা ডেস্ক ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ণ
নওগাঁয় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বা গৃহবধূর

নওগাঁর আত্রাই উপজেলায় ঝড়ে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে আরাফাতুন (২০) নামের এক নারী মারা গেছেন। আজ সোমবার (২৭ এপ্রিল) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে ভোরে উপজেলার সরকারি কলেজ মাঠ-সংলগ্ন আত্রাই নদের তীরে বেদেপল্লিতে ঝড়ে গাছ ভেঙে পড়ে আরাফাতুন আহত হন। তাঁর স্বামীর নাম ইয়াসিন আরাফাত হোসেন। তাঁদের বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায়।

বেদেপল্লির বাসিন্দা আবাবিল হোসেন বলেন, ‘বেশ কিছু দিন ধরে আমরা প্রায় ৩০টির মতো পরিবার নিয়ে খোলাপাড়া বাগানে অস্থায়ী ঘর বানিয়ে বসবাস করছি। ভোরের দিকে ঝড়ে আরাফাত রহমানের ঘরের ওপর একটি গাছ ভেঙে পড়ে তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ওই নারীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

খবর পেয়ে নওগাঁর পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।’

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে গৃহবধূর লাশ হস্তান্তর করা হয়েছে।

নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, ঝড়ে গাছ পড়ে অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যুর পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। তাঁদের সার্বিক সহযোগিতার জন্য আশ্বাস দেওয়া হয়েছে।

 

Read more — উত্তরাঞ্চল
Home