উত্তরা প্রতিদিন
ঢাকা

শিবগঞ্জে টাকার বিনিময়ে চাল বিতরণের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক ২১ এপ্রিল ২০২৬, ০৮:১১ অপরাহ্ণ
শিবগঞ্জে টাকার বিনিময়ে চাল বিতরণের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সরকারি কর্মসূচির আদলে ব্যক্তিগতভাবে তৈরিকৃত কার্ড অর্থের বিনিময়ে বিতরণ ও সেই কার্ডের মাধ্যমে চালসহ বিভিন্ন সামগ্রী বিক্রির অভিযোগ উঠেছে জেসমিন খাতুন নামে এক নারীর বিরুদ্ধে। এ নারী মাশকুরা ট্রেডার্স নামে তার প্রতিষ্ঠানের মাধ্যমে এ কার্ড বিতরণ করছেন, যা সরকারি বিভিন্ন কর্মসূচির আদলে তৈরি করা।

বিষয়টি তদন্তের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা ধাই নগর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আব্দুল লতিফ। সোমবার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, চালসহ বিভিন্ন সুবিধা দেওয়ার কথা বলে তার ইউনিয়ন সহ আশপাশের বিভিন্ন ইউনিয়নে সরকারি বিভিন্ন কর্মসূচির আদলে তৈরিকৃত কার্ড চার পাঁচ হাজার টাকার বিনিময়ে বিতরণ করছেন জেসমিন খাতুন। প্রায় ১৫ থেকে ২০ হাজার মানুষের কাছে কার্ড বিতরণের মাধ্যমে মোটা অংকের টাকা উত্তোলন করেছেন এ নারী ও তার সহযোগীরা। বিষয়টি তদন্তের জন্য জেলা প্রশাসকসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেন তিনি।

তিনি আরো জানান, ইতিমধ্যে বিষয়টি নিয়ে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা তদন্ত করতে গেলে মাশকুরা ট্রেডার্স এর গ্রাহকদের মাধ্যমে  মবের শিকার হন, পরে বিষয়টি জেলা সদর উপজেলা ভূমি কর্মকর্তাকে তদন্তের জন্য দেয়া হয়। গত রোববার মাশকুরা ট্রেডার্স এর মালিক জেসমিন ও আমাকে ডাকা হয়। সেখানে জেসমিন তার কয়েকশো গ্রাহককে হাজির করে আমার উপর চড়াও হয়। পরে পুলিশের সহযোগিতায় সেখান থেকে আমি উদ্ধার হই।

শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ বলেন, চেয়ারম্যান হিসেবে আমি উপজেলা ও জেলা প্রশাসনকে জানিয়েছি, আমার বক্তব্য পরিষ্কার, যদি অবৈধ হয় তাহলে প্রশাসন ব্যবস্থা নিবেন আর যদি বৈধ হয় তবে সরকারের অনুমতি নিয়ে তারা তাদের কার্যক্রম পরিচালনা করবে।

এ বিষয়ে জেসমিন খাতুন এটা তার বিজনেস উল্লেখ করলেও বিস্তারিত কিছু বলতে রাজি হননি। শুধু বলেন, তিনি মিল মালিকদের কাছে কম দামে চাল ক্রয় করে সাধারণ মানুষের কাছে বিক্রি করেন।

এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে তদন্ত করছে জেলা প্রশাসন গঠিত তদন্ত দল। তদন্ত শেষে বোঝা যাবে প্রতিষ্ঠানটি কোন মডেল এ ব্যবসা পরিচালনা করছে, সেটি বৈধ নাকি অবৈধ। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

 

Read more — উত্তরাঞ্চল
Home