উত্তরা প্রতিদিন
ঢাকা

রাজশাহীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

উত্তরা প্রতিবেদক ২০ এপ্রিল ২০২৬, ১২:৫৫ অপরাহ্ণ
রাজশাহীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

শিশুদের প্রাণঘাতী হাম ও রুবেলা রোগ থেকে সুরক্ষায় রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬। আজ সোমবার সকাল ৮টায় নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের আরবান প্রাইমারি হেলথ সেন্টারে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। ক্যাম্পেইনের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। তিনি জানান, আগামী ১০ মে পর্যন্ত চলমান এই কর্মসূচির আওতায় মহানগরীর ৫৪ হাজার ১৪৪ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনি আরও বলেন, হাম-রুবেলা প্রতিরোধে সরকারের ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে সারাদেশে একযোগে এই টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রাজশাহী মহানগরীতে ১৪ কর্মদিবসে কমিউনিটি পর্যায়ে ৪৫ হাজার ৬২৩ জন এবং শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক ৮ হাজার ৫২১ জন শিশুকে টিকা প্রদান করা হবে। ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশু এই কর্মসূচির আওতায় থাকবে। রাসিক সূত্রে জানা গেছে, নগরীর ২৮৬টি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ১৮০টি কেন্দ্র, কমিউনিটি পর্যায়ে ২৪০টি কেন্দ্র এবং ১৮টি স্থায়ী কেন্দ্রসহ মোট ৪৩৮টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিটি অস্থায়ী কেন্দ্রে ২ জন টিকাদানকারী ও ৩ জন স্বেচ্ছাসেবী এবং স্থায়ী কেন্দ্রে ১ জন টিকাদানকারী ও ১ জন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করছেন। অভিভাবকদের উদ্দেশে মাহফুজুর রহমান রিটন বলেন, শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে নির্ধারিত কেন্দ্রে নিয়ে গিয়ে টিকা দেওয়ার কোনো বিকল্প নেই। কোনো শিশুর মধ্যে হাম বা রুবেলার লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এদিকে, জনসচেতনতা বাড়াতে প্রায় ৭০ হাজার লিফলেট প্রস্তুত করে বাড়ি বাড়ি বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব মো. সোহেল রানা, রাজশাহী জেলার সিভিল সার্জন ডা. এসআইএম রাজিউল করিম, পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক ডা. কুস্তরী আমিনা কুইন, রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Read more — উত্তরাঞ্চল
Home