
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ইটাখোলা বাজারে অবৈধভাবে মজুত করা ২২০ লিটার ডিজেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে অবৈধভাবে তেল মজুত করার অপরাধে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) বিকেলে ইটাখোলা বাজারে এনএস ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রউফ।
আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এসময় দোকানের ভেতরে অবৈধভাবে মজুত করা ২২০ লিটার ডিজেল পাওয়া যায়। তেলের কোনো ভাউচার দেখাতে না পারায় প্রতিষ্ঠানের মালিক ইবনে সিনাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তেলগুলো জব্দ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রউফ বলেন, জব্দ করা তেল কৃষি অফিসের প্রত্যয়ন সাপেক্ষে কৃষকদের মাঝে নায্য মূল্যে বিক্রয়ের নির্দেশ দেওয়া হয়েছে। তেলের কৃত্রিম সংকট রোধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

