উত্তরা প্রতিদিন
ঢাকা

আঙুর চাষে সাফল্য, বছরে ২০ লাখ টাকা বিক্রির আশা

উত্তরা ডেস্ক ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৩১ অপরাহ্ণ
আঙুর চাষে সাফল্য, বছরে ২০ লাখ টাকা বিক্রির আশা

রাজশাহীতে উচ্চশিক্ষিত তরুণ ইমাম হাসান সাগর তার পানের বরজ ভেঙে বাণিজ্যিকভাবে চাষ শুরু করেছেন আঙুরের। পেয়েছেন অভাবনীয় সাফল্য। দুই বিঘা জমিতে ‘বাইকনুর’ জাতের আঙুর চাষ করেছেন তিনি। বাগান থেকে বছরে কয়েক লাখ টাকা আয়ের স্বপ্ন দেখছেন এই উদ্যোক্তা।

বাগানে প্রতিটি গাছে প্রচুর ফলন আসায় এটি এখন দর্শনার্থীদের মূল আকর্ষণে পরিণত হয়েছে। এ ছাড়া, অনেকেই নিজেরা বাগান করতে চারা সংগ্রহ করছেন। কৃষি কর্মকর্তারা মনে করছেন, এই বিদেশি ফল চাষের বিস্তার ঘটলে দেশের আমদানি নির্ভরতা কমবে। অর্থনৈতিক সমৃদ্ধি আসবে।

জানা গেছে, সফল উদ্যোক্তা ইমাম হাসান সাগর জেলার বাগমারা উপজেলার হাসনিপুর গ্রামের বাসিন্দা। তিনি ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি শেষ করেন। কিন্তু চাকরির পেছনে না ছুটে নিজের পানের বরজ ভেঙে সেখানে করেছেন আঙুর বাগান। তার দুই বিঘা জমিতে প্রায় ৩৬০টি গাছ লাগিয়েছেন।

গাছগুলোর বয়স মাত্র ৯ থেকে ১০ মাস। তার বাগানে প্রতিটি আঙুর গাছে প্রায় ১৫ থেকে ২০ কেজি করে আঙুর ধরেছে। যা তিনি লাখ টাকায় বিক্রি করবেন বলে আশাবাদী।

 

ভিনদেশি ফল হওয়ায় এই বাগান দেখতে নিয়মিতই ভিড় জমান দর্শনার্থীরা। সবুজ নামের এক দর্শনার্থী বলেন, ইউটিউব বা ফেসবুকে যা দেখতাম, এখন নিজের এলাকায় দেখতে পাচ্ছি, যা আসলে স্বপ্নের মতো এবং অকল্পনীয়। এই প্রজেক্ট দেখে অনেকেই নিজেরাও এমন উদ্যোগ নেওয়ার কথা ভাবছেন।

 

সাগর বলেন, বাইকনুর ও একলোয় জাতের এই চারাগুলো বাংলাদেশে অলরেডি পরীক্ষিত। গাছ রোপণ করার পারফেক্ট সময় হলো এপ্রিল থেকে জুন মাস। হালকা টক হলে খেতে দারুন। পলিনিট সেট হাউসের ব্যবস্থা করতে পারলে এই আঙুর সারা বছর রাখা সম্ভব। কয়েকদিন আগে আমরা একটা গাছে গুনে প্রায় ৫০ থোকার মতো আঙুর পেয়েছি। হাফ কেজি করেও ধরে, তবে প্রায় ২৫ কেজি হয়। সেখানে আমি যদি ২০ কেজি ধরি ৩৬০টা গাছে প্রায় ৭২০০ কেজি বা ৭ টনের উপরে ফলন আসে। বাজারে ৩০০ টাকা কেজি দরে বিক্রি করলে ২০ লাখ টাকার উপরে বিক্রি করতে পারব।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) পাপিয়া রহমান বলেন, দেশে যদি এই মিষ্টি আঙুরের আবাদ বাড়ানো যায়, তবে বিদেশ থেকে আমদানি নির্ভরতা কমিয়ে দেশের চাহিদা মেটানো সম্ভব।

 

 

Read more — উত্তরাঞ্চল
Home