
সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী মজুরি না পাওয়ায় বেতন বৃদ্ধির দাবিতে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ করেছেন। আজ রোববার দুপুরে নগর ভবনের সামনে তারা মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন।
শ্রমিকদের অভিযোগ, প্রজ্ঞাপন অনুযায়ী দক্ষ শ্রমিকদের দৈনিক মজুরি ৭৫০ টাকা ও অদক্ষদের ৭০০ টাকা নির্ধারণ হলেও রাসিক এখনও ৪৮৪ টাকা দেয়। ছুটির দিনে কোনো মজুরি দেওয়া হয় না। ফলে মাস শেষে তারা ১০–১২ হাজার টাকার বেশি পান না, যা দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।
বিক্ষোভে শ্রমিকরা নগর ভবনের প্রধান ফটক বন্ধ করে দেন এবং বিভিন্ন ওয়ার্ডে ঝাড়ু হাতে অবস্থান নেন। পরে তাদের একটি প্রতিনিধি দল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে এক মাসের মধ্যে বেতন বৃদ্ধির আশ্বাস দেওয়া হয়। তবে আশ্বাস বাস্তবায়নে গড়িমসি হলে লাগাতার কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন শ্রমিকরা।
এ বিষয়ে জানতে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।

