উত্তরা প্রতিদিন
ঢাকা

পারমাণবিক জ্বালানি লোডিংয়ের অনুমতি পেয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

উত্তরা ডেস্ক ১৭ এপ্রিল ২০২৬, ০৯:২৯ অপরাহ্ণ
পারমাণবিক জ্বালানি লোডিংয়ের অনুমতি পেয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন প্রকল্পের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং কার্যক্রম পরিচালনার জন্য কমিশনিং লাইসেন্স প্রদান করেছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের তথ্য বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এ লাইসেন্স পাওয়ার মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট জ্বালানি লোডিং কার্যক্রম যেকোনো সময় শুরু করতে পারবে।

জ্বালানি লোডিং পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কমিশনিং পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এর মাধ্যমে রিঅ্যাক্টরে পারমাণবিক জ্বালানি স্থাপন ও পরবর্তীতে ধাপে ধাপে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি সম্পন্ন করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাতীয় ও আন্তর্জাতিক নিয়ন্ত্রণকারী সংস্থাসমূহের পর্যবেক্ষণ ও পর্যালোচনার ভিত্তিতে এই লাইসেন্স প্রদান করা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং কার্যক্রম শুরু করার জন্য প্রস্তুত হলো।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বৃহস্পতিবার বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান আনুষ্ঠানিকভাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. এম মঈনুল ইসলামের কাছে হস্তান্তর করেন।

জ্বালানি লোডিং লাইসেন্স পাওয়ার প্রেক্ষিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি (ফুয়েল) লোডিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন এপ্রিল মাসের শেষ সপ্তাহে হতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ফুয়েল লোডিং কার্যক্রম শুরুর তিন মাসের মধ্যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে উৎপাদিত পারমাণবিক বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। পরবর্তীতে ধাপে ধাপে বিভিন্ন পরীক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম সম্পন্ন করে আগামী ডিসেম্বরের মধ্যে প্রথম ইউনিটের পূর্ণ সক্ষমতায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালন শুরু করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৭ এপ্রিল প্রথম ইউনিটে আনুষ্ঠানিকভাবে জ্বালানি লোডিংয়ের সময় নির্ধারণ করা হলেও অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে কিছু সমস্যা দেখা দেওয়ায় জ্বালানি লোডিং কার্যক্রম শুরু করা যায়নি। তবে গত সপ্তাহে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল প্রকল্প এলাকা ঘুরে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করার পর লাইসেন্স দেওয়া হয়েছে বলে রূপপুর প্রকল্প সূত্রে জানা গেছে।

ঈশ্বরদীর রূপপুর প্রকল্পে নির্মিত হচ্ছে দুই ইউনিটের দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। প্রকল্পের প্রতিটিতে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি পাওয়ার ইউনিট থাকছে। ইউনিট দুটিতে স্হাপন করা হয়েছে ৩+ প্রজন্মের ভিভিইআর রিঅ্যাক্টর। রূপপুর প্রকল্পের জেনারেল ডিজাইনার এবং মূল ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করছে রাশিয়ার রাষ্টীয় পরমাণু সংস্থা রসাটম।

 

Read more — উত্তরাঞ্চল
Home