উত্তরা প্রতিদিন
ঢাকা

রাণীনগরে দিনের ১৪ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না

উত্তরা ডেস্ক ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ণ
রাণীনগরে দিনের ১৪ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না

নওগাঁর রাণীনগর উপজেলায় দিন-রাতে চলছে পল্লী বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং। ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১৪ ঘণ্টাই থাকছে না বিদ্যুৎ। এতে করে ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন।

ফসলের জমিতে পানি সেচ দিতে না পারা, কলকারখানা এবং অটোচার্জার ভ্যান শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের জীবন স্থবির হয়ে পড়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, চাহিদার তুলনায় কখনো অর্ধেক আবার কখনো অর্ধেকেরও কম বিদ্যুৎ সরবরাহ পাওয়ায় এমন লোডশেডিং হচ্ছে।

নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর রাণীনগর জোনাল অফিস সূত্রে জানা গেছে, এই অফিসের আওতায় আবাসিক সংযোগ রয়েছে ৫৭ হাজার ৫৫২টি, বাণিজ্যিক সংযোগ রয়েছে ৪ হাজার ২৪৯টি, গভীর-অগভীর নলকূপ বা সেচের সংযোগ রয়েছে ৬৮৫টি, শিল্প সংযোগ রয়েছে ৬০৪টি, দাতব্য সংযোগ রয়েছে ৮৬৭টি এবং নির্মাণ সংযোগ রয়েছে ৫৩টিসহ মোট ৬৪ হাজার ১৯টি সংযোগ রয়েছে।

এসব সংযোগের বিপরীতে বিদ্যুতের গড় চাহিদা রয়েছে ২০ মেগাওয়াট। চাহিদার তুলনায় কখনো অর্ধেক অর্থাৎ মাত্র ১০ মেগাওয়াট আবার কখনো তারও কম সরবরাহ পাচ্ছেন। ফলে দীর্ঘ সময় ধরে লোডশেডিং অব্যাহত রয়েছে।

বিদ্যুৎ চালিত গভীর নলকূপের মালিক উপজেলার কসবাপাড়া গ্রামের আনিছুর খান বলেন, নলকূপের আওতায় প্রায় ২৯০ বিঘা ইরি-বোরো ফসলের জমি রয়েছে। গত প্রায় ১৫ দিন ধরে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ের কারণে চরম বেকায়দায় পড়েছি। সুষ্ঠু মতো জমিতে সেচ দিতে পারছি না। এমন পরিস্থিতি যদি আরও কয়েক দিন চলে তাহলে ধানের চরম ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবাদপুকুর বাজারের বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক হোসাইন আহমাদ বলেন, প্রতি এক ঘণ্টা পর পর এক ঘণ্টা করে বিদ্যুৎ পাচ্ছি। মানে এক ঘণ্টা বিদ্যুৎ থাকলে পরবর্তী এক ঘণ্টা আবার কখনো তার বেশি সময় ধরে বিদ্যুৎ থাকছে না। এতে দিন-রাত মিলে প্রায় ১২ থেকে ১৪ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। ফলে কারখানার কাজকর্ম ঠিকমতো করতে পারছি না। এতে একদিকে যেমন সঠিক সময়ে গ্রাহকদের কাছে মালামাল সরবরাহ করতে পারছি না অন্যদিকে শ্রমিকদের বসে রেখে বেতন দিতে হচ্ছে।

কালীগ্রামের অটোচার্জার ভ্যানচালক ফেরদৌস হোসেন জানান, দেশে জালানি তেলের সংকট সৃষ্টি হওয়ায় অটোচার্জার ভ্যানে যাত্রীর চলাচলের চাহিদা বেড়েছে। কিন্তু সুষ্ঠু মতো গাড়িতে চার্জ দিতে না পারায় রাস্তায় ভ্যান চালাতে পারছি না। আবার ব্যাটারিতে পুরো চার্জ না দিতে পারায় ব্যাটারিও চরম ক্ষতির মুখে পড়ছে। ফলে সব দিক দিয়ে ক্ষতির মুখে পড়তে হচ্ছে।

নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর রাণীনগর জোনাল অফিসের এজিএম তাহসিন ইলিয়াস বলেন, অফিসের আওতায় ৬৪ হাজার ১৯ জন গ্রাহক রয়েছেন। এসব গ্রাহকের বিপরীতে বিদ্যুতের চাহিদা রয়েছে প্রায় ২০ মেগাওয়াট। সেখানে গড়ে মাত্র ১০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছে। আবার কখনো তারও একটু কম সরবরাহ পাওয়া যাচ্ছে। এরই মধ্যে আবার ঢাকা থেকে স্ক্যাডা অপারেশনের কারণে অতিরিক্ত আরও বেশি লোডশেডিং যুক্ত হচ্ছে। তবে এ পরিস্থিতি হয়তো দ্রুতই স্বাভাবিক হবে।

 

Read more — উত্তরাঞ্চল
Home