উত্তরা প্রতিদিন
ঢাকা

পুঠিয়ায় 'চাঁদা না দেয়ায়' ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

পুঠিয়া প্রতিবেদক ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১৫ অপরাহ্ণ
পুঠিয়ায় 'চাঁদা না দেয়ায়' ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

রাজশাহীর পুঠিয়া পৌর এলাকায় চাঁদার টাকা না দেওয়াকে কেন্দ্র করে মামুনুর রশিদ জুয়েল (৪৮) নামে এক মুদি দোকানদারকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার সাড়ে ৬টার দিকে পুঠিয়া পৌরসভার কাউন্সিল বাজারে এ ঘটনা ঘটে।

নিহত জুয়েল পুঠিয়া উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত আনছারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে দোকান খুলে ভেতরে বসে ছিলেন তিনি। এসময় কাঁঠালবাড়িয়া গ্রামের কামালের ছেলে মো. মাইনুল (২৩) দোকানে প্রবেশ করে তার কাছে নেশার জন্য চাঁদা দাবি করে। জুয়েল টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মাইনুল তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে জুয়েলের বুকে আঘাত করে। এতে গুরুতর আহত হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই স্থানীয় জনতা অভিযুক্ত মাইনুলকে ধাওয়া করে আটক করে এবং দোকানের খুঁটির সঙ্গে বেঁধে রাখে। খবর পেয়ে পুঠিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে জনরোষ থেকে উদ্ধার করে হেফাজতে নেয়।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Read more — উত্তরাঞ্চল
Home