উত্তরা প্রতিদিন
ঢাকা

রাজশাহী মহানগরীর ৫৪ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেবে রাসিক

উত্তরা প্রতিবেদক ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ণ
রাজশাহী মহানগরীর ৫৪ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেবে রাসিক

রাজশাহী মহানগরীতে ৫৪ হাজার ১৪৪ জন শিশুকে হাম-রুবেলা (এমআর) টিকা প্রদানের উদ্যোগ নিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। আগামী ২০ এপ্রিল থেকে শুরু হয়ে ১০ মে পর্যন্ত এ টিকাদান কার্যক্রম চলবে।

বুধবার সকালে রাসিকের সভাকক্ষে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে আয়োজিত এ্যাডভোকেসি সভায় এ তথ্য জানানো হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিকের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

সভায় জানানো হয়, মোট ১৪ কর্মদিবসে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। এর মধ্যে প্রথম ৮ কর্মদিবসে কমিউনিটি পর্যায়ে এবং শেষ ৬ কর্মদিবসে স্কুল পর্যায়ে টিকা প্রদান করা হবে। নির্ধারিত লক্ষ্যমাত্রার মধ্যে কমিউনিটি পর্যায়ে অধিকাংশ শিশু এবং স্কুল পর্যায়ে বাকি শিশুদের টিকা দেওয়া হবে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানানো হয়, বর্তমানে সারা দেশের মতো রাজশাহীতেও হাম-রুবেলার সংক্রমণ বেড়েছে। হামের জীবাণু অত্যন্ত সংক্রামক, যা কোভিড-১৯–এর চেয়েও দ্রুত ছড়াতে পারে। ১৫ এপ্রিল পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল–এ হামের উপসর্গ নিয়ে ৬০২ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ৩৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ইতোমধ্যে ৩৮৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। তবে সন্দেহজনক উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ৫০ জন শিশুর মৃত্যু হয়েছে বলে জানানো হয়, যদিও শনাক্ত হওয়া রোগীদের মধ্যে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

সভায় আরও জানানো হয়, হাম-রুবেলা টিকা গ্রহণের জন্য অনলাইন নিবন্ধন বাধ্যতামূলক নয়। নির্ধারিত কেন্দ্রে গিয়ে সরাসরি টিকা নেওয়া যাবে। কমিউনিটি পর্যায়ে টিকাদানের সময় স্কুলপড়ুয়া শিশুরাও টিকা নিতে পারবে এবং স্কুল পর্যায়ে টিকা প্রদানের সময় কমিউনিটির শিশুরাও অন্তর্ভুক্ত হবে।

প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, হাম প্রতিরোধে শুধু মহানগরী নয়, পুরো জেলা ও বিভাগজুড়ে সমন্বিত উদ্যোগ নিতে হবে। তিনি শিশুদের পাশাপাশি ঝুঁকিতে থাকা বয়স্ক নাগরিকদের প্রতিও নজর দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি এ কর্মসূচি সফল করতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে স্বাস্থ্য বিভাগকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ. এ. এম. আঞ্জুমান আরা বেগম স্বাগত বক্তব্য দেন এবং হাম-রুবেলা টিকাদান কার্যক্রমের ওপর একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন। এতে কর্মসূচির প্রস্তুতি, বাস্তবায়ন কৌশল ও লক্ষ্য অর্জনের পরিকল্পনা তুলে ধরা হয়।

সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন। পরে একই বিষয়ে গণমাধ্যমকর্মীদের অবহিত করতে সংবাদ সম্মেলনও অনুষ্ঠিত হয়।

Read more — উত্তরাঞ্চল
Home