উত্তরা প্রতিদিন
ঢাকা

শিক্ষা ছাড়া বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: রাজশাহী জেলা পরিষদের প্রশাসক

উত্তরা প্রতিবেদক ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৩১ অপরাহ্ণ
শিক্ষা ছাড়া বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: রাজশাহী জেলা পরিষদের প্রশাসক

বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে শিক্ষার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা। তিনি বলেন, আধুনিক, প্রযুক্তিনির্ভর ও নৈতিকতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করেই একটি শক্তিশালী জাতি গঠন সম্ভব।

বুধবার দুপুরে রাজশাহীর তাহেরপুর ডিগ্রী কলেজ চত্বরে কলেজটির বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা পরিষদ প্রশাসক বলেন, একটি জাতির উন্নয়ন নির্ভর করে তার শিক্ষার ওপর। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি সচেতন, সমৃদ্ধ ও উন্নত। শিক্ষা মানুষের চিন্তা-চেতনা, মূল্যবোধ ও নৈতিকতা গড়ে তোলে এবং জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, বর্তমান বিশ্ব প্রতিযোগিতার যুগে টিকে থাকতে হলে শুধু পুঁথিগত বিদ্যা নয়, প্রযুক্তিনির্ভর ও দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা দেশ ও জাতির উন্নয়নে কার্যকর অবদান রাখতে পারবে।

এরশাদ আলী মন্তব্য করেছেন, শিক্ষার পাশাপাশি নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ গড়ে তোলা জরুরি। নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে পারলেই একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ বিনির্মাণ সম্ভব।

তিনি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও মানোন্নয়নে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত উদ্যোগ কামনা করেন।

অনুষ্ঠানে তিনি আরও বলেছেন, তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা একটি সুস্থ, সচেতন ও শৃঙ্খলাবদ্ধ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ লক্ষ্যে দেশে ক্রীড়াঙ্গনের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ সময় তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন এবং বর্তমান প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেরিটেজ রাজশাহীর সভাপতি মাহবুব সিদ্দিকী এবং রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রবিউল ইসলাম অরণ্য কুসুম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাহেরপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি সামসুর রহমান মিন্টু। স্বাগত বক্তব্য দেন মো. নজরুল ইসলাম মন্ডল।  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তাহেরপুর কলেজের শিক্ষক প্রতিনিধি মো. সোহেল রানা।

অনুষ্ঠানে রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে তাহেরপুর কলেজের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Read more — উত্তরাঞ্চল
Home