উত্তরা প্রতিদিন
ঢাকা

রাজশাহীতে চিকিৎসকদের অতিরিক্ত ফি নিয়ন্ত্রণসহ ৬ দফা দাবি

উত্তরা প্রতিবেদক ১৫ এপ্রিল ২০২৬, ০৬:২৬ অপরাহ্ণ
রাজশাহীতে চিকিৎসকদের অতিরিক্ত ফি নিয়ন্ত্রণসহ ৬ দফা দাবি

রাজশাহীতে বিশেষজ্ঞ চিকিৎসকদের অতিরিক্ত ভিজিট ফি নিয়ন্ত্রণ, শিশু হাসপাতাল চালু এবং সরকারি হাসপাতালে লাশ পরিবহন সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধসহ ৬ দফা দাবিতে স্বাস্থ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।

আজ বুধবার সকালে জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় সংগঠন দুটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কাজী শহিদুল ইসলাম স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানোর আশ্বাস দেন।

স্মারকলিপিতে রাজশাহীর স্বাস্থ্যখাতের সার্বিক চিত্র তুলে ধরে বলা হয়, বর্তমানে এ অঞ্চলের স্বাস্থ্যসেবা ব্যবস্থা গুরুতর সংকটে রয়েছে, যা সাধারণ মানুষের জীবনমানের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে, কিছু বিশেষজ্ঞ চিকিৎসকের ভিজিট ফি হঠাৎ করে দেড় হাজার টাকায় উন্নীত হওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত রোগীরা চরম ভোগান্তিতে পড়েছেন। দূরদূরান্ত থেকে আসা রোগীরাও প্রয়োজনীয় চিকিৎসা নিতে হিমশিম খাচ্ছেন।

সংগঠনগুলোর পক্ষ থেকে দাবি করা হয়, চিকিৎসা ব্যয় নিয়ন্ত্রণে কার্যকর নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন জরুরি। পাশাপাশি হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল–সহ সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোর অস্বাস্থ্যকর পরিবেশ রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এসব প্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া অভিযোগ করা হয়, রামেক হাসপাতালকে কেন্দ্র করে লাশ পরিবহনে একটি প্রভাবশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে অতিরিক্ত অর্থ আদায় করছে। এতে শোকাহত পরিবারগুলো চরম ভোগান্তিতে পড়ছে। এ অমানবিক পরিস্থিতি বন্ধে জরুরি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

অন্যদিকে, রাজশাহীতে নির্মিত বিশেষায়িত শিশু হাসপাতালটি দীর্ঘদিন ধরে চালু না থাকায় শিশুদের উন্নত চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়। দ্রুত হাসপাতালটি চালুর মাধ্যমে শিশুস্বাস্থ্য সেবা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

স্মারকলিপির অনুলিপি বিভাগীয় কমিশনার, প্রতিমন্ত্রী, সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতেও পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Read more — উত্তরাঞ্চল
Home