
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ভর্তি হয়েছে আরও ১৯ শিশু। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেন হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস। তিনি জানান, সোমবার (১৩ এপ্রিল) সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ১৭ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ১৫৪ জন রোগী ভর্তি রয়েছে। সংক্রমণ শুরুর পর এ পর্যন্ত মোট ৫৭৮ জন রোগী ভর্তি হয়েছে। ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, বিভিন্ন জেলা ও উপজেলা থেকে হামের উপসর্গ নিয়ে শিশুদের এখানে পাঠানো হচ্ছে। সংশ্লিষ্ট হাসপাতালগুলো থেকে রেফার হয়ে তারা রামেকে আসছে। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি আরও জানান, উপসর্গ নিয়ে ভর্তি হওয়া শিশুদের মধ্যে প্রায় ১০ শতাংশের মৃত্যু হয়েছে। তবে বর্তমানে মৃত্যুর হার কিছুটা কমেছে। হামের টিকাদান কার্যক্রম চলমান রয়েছে এবং পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

