উত্তরা প্রতিদিন
ঢাকা

বর্ণাঢ্য আয়োজনে ১০ম বর্ষে পদার্পণ গণধ্বনি প্রতিদিনের

উত্তরা প্রতিবেদক ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৪২ অপরাহ্ণ
বর্ণাঢ্য আয়োজনে ১০ম বর্ষে পদার্পণ গণধ্বনি প্রতিদিনের

রাজশাহীর জনপ্রিয় দৈনিক গণধ্বনি প্রতিদিন ৯ম বর্ষপূর্তি উদযাপন করে ১০ম বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, পত্রিকাটি প্রতিষ্ঠালগ্ন থেকে গণমানুষের কথা তুলে ধরে পাঠকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টায় নগরীর রাজপাড়া এলাকার বহরমপুরে হাশেম প্লাজা ভবনের পঞ্চম তলায় পত্রিকার প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা পত্রিকাটির বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রশংসা করে এর ধারাবাহিক সাফল্য কামনা করেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও পত্রিকাটি দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সত্য ও ন্যায়ের পক্ষে সোচ্চার থাকবে।

পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইয়াকুব শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদুর রহমান রিংকু, রাজশাহী এডিটরস ফোরামের নির্বাহী সদস্য ও দৈনিক সোনার দেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, সহ-সভাপতি ও ‘আমাদের রাজশাহী’র সম্পাদক আফজাল হোসেন, সাধারণ সম্পাদক ও ‘রাজশাহীর সংবাদ’র সম্পাদক আহসান হাবিব অপু, কোষাধ্যক্ষ ও দৈনিক সানশাইনের সম্পাদক সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য ও দৈনিক উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত করিম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইঞ্জিনিয়ার শাকিলুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ ছাড়া পত্রিকাটির প্রধান প্রতিবেদক মঈন উদ্দিন, সাংবাদিক মাইনুল হাসান জনি, আসাদুজ্জামান আসাদ, স্টাফ রিপোর্টার হুমায়ুন কবীর ও আল আমিন, ‘সময়ের কথা ২৪ ডটকম’-এর ফরিদপুর জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম এবং চিফ ফটো সাংবাদিক কাবিল হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এদিকে, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও শুভেচ্ছা জানাতে উপস্থিত হন রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল আলিম। অনুষ্ঠানের শুরুতে অতিথিরা ফুল দিয়ে সম্পাদক ও প্রকাশককে শুভেচ্ছা জানান।

আলোচনা সভায় বক্তারা বলেন, স্বল্প সময়ের মধ্যেই গণধ্বনি প্রতিদিন রাজশাহীতে একটি আস্থার নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সমাজে ইতিবাচক ভূমিকার জন্য পত্রিকাটি প্রশংসিত।

সভাপতির বক্তব্যে ইয়াকুব শিকদার বলেন, “২০১৭ সালের ১৩ এপ্রিল ‘সত্যের সন্ধানে আমরা’ স্লোগানকে সামনে রেখে গণধ্বনি প্রতিদিনের যাত্রা শুরু হয়। নয় বছরের পথচলায় নানা প্রতিকূলতা অতিক্রম করে আমরা পাঠকের আস্থা অর্জন করেছি। সামাজিক যোগাযোগমাধ্যমের অবাধ তথ্যপ্রবাহ, করোনোত্তর অর্থনৈতিক সংকট ও বৈশ্বিক পরিস্থিতির মধ্যেও আমরা সত্য প্রকাশের অঙ্গীকারে অটল রয়েছি।”

তিনি আরও বলেন, “সংবাদপত্র জাতির বিবেক। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। গণধ্বনি প্রতিদিন সেই দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।”

অনুষ্ঠানের শেষপর্বে কেক কেটে ১০ম বর্ষে পদার্পণ উদযাপন করা হয়। পরে অতিথিদের আপ্যায়ণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Read more — উত্তরাঞ্চল
Home