উত্তরা প্রতিদিন
ঢাকা

সাপাহারে ‘রোস্টিং সেন্টার’ ফেসবুক পেজের অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল রাজপথ

উত্তরা প্রতিদিন সাপাহার (নওগাঁ) প্রতিবেদক ১২ এপ্রিল ২০২৬, ০৩:১৯ অপরাহ্ণ
 সাপাহারে ‘রোস্টিং সেন্টার’ ফেসবুক পেজের অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল রাজপথ
উপজেলা সদরের জিরো পয়েন্টে ‘সাপাহারের সর্বস্তরের সচেতন জনগণ’-এর ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত - উত্তরা প্রতিদিন

 

নওগাঁর সাপাহারে ‘Roasting Centre Sapahar’ নামক একটি বিতর্কিত ফেসবুক পেজের মাধ্যমে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের গোপন ভিডিও ধারণ, অশ্লীলতা ও কুরুচিপূর্ণ অপপ্রচারের প্রতিবাদে বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রোববার (১২ এপ্রিল) বেলা ১১টায় সাপাহার উপজেলা সদরের জিরো পয়েন্টে ‘সাপাহারের সর্বস্তরের সচেতন জনগণ’-এর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে এলাকার শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা ওই ফেসবুক পেজের অ্যাডমিন ও সংশ্লিষ্ট চক্রটিকে দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাপাহার ক্রীড়া একাডেমীর চেয়ারম্যান আবু সাইদ চৌধুরী অনিক, জবই বিল জীববৈচিত্র্য ও সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক কারিম খান, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভুক্তভোগী পরিবারের সদস্য রুবেল হোসেন, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মামুনুর রশিদ, সাপাহার সরকারি কলেজ ছাত্রদল সভাপতি ওয়ালিউল ইসলাম নাইম, সাধারণ সম্পাদক রিপন হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরাব হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী সাজেদুল সাজু, কনন্টেন ক্রিয়েটর সুমন, ছাত্রনেতা নাইম ভুক্তভোগী পরিবারের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা বলেন, "একটি অসাধু চক্র ‘Roasting Centre Sapahar’ নামের পেজটি ব্যবহার করে আমাদের কোমলমতি স্কুল শিক্ষার্থীদের গোপনে ভিডিও ধারণ করছে এবং তা বিকৃতভাবে ইন্টারনেটে ছড়িয়ে দিচ্ছে। এতে শিক্ষার্থীদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে এবং তারা মানসিকভাবে ভেঙে পড়ছে। এই ধরনের অশ্লীলতা ও সাইবার অপরাধ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।"

বক্তারা আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, "এই চক্রটি দীর্ঘদিন ধরে পর্দার আড়ালে থেকে সাধারণ শিক্ষার্থীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই, অতি দ্রুত এই চক্রের মূল হোতাদের শনাক্ত করে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করা হোক। অন্যথায় এলাকাবাসীকে সাথে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।"

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে উক্ত ফেসবুক পেজের আপত্তিকর কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠে। বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। দ্রুত ব্যবস্থা না নিলে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাপাহার থানার অফিসার ইনচার্জ বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

 

ইএফ/

Read more — উত্তরাঞ্চল
Home