উত্তরা প্রতিদিন
ঢাকা

ফিলিং স্টেশনে তেল নিতে গিয়েই স্কুল শিক্ষকের মর্মান্তিক মৃত্যু

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১২ এপ্রিল ২০২৬, ১২:১৭ অপরাহ্ণ
ফিলিং স্টেশনে তেল নিতে গিয়েই স্কুল শিক্ষকের মর্মান্তিক মৃত্যু

রংপুরে মোটরসাইকেলে তেল নিতে গিয়ে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের আকস্মিক মৃত্যু হয়েছে। ফিলিং স্টেশনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে তিনি মাটিতে পড়ে যান এবং পরে হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে রংপুর নগরের মেসার্স সুরমা ফিলিং অ্যান্ড সার্ভিসিং সেন্টারে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম মেহেদী হাসান (৩৩)। তিনি রংপুর সদর উপজেলার বালাচড়াহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং নগরের নিউ ইঞ্জিনিয়ারপাড়ার বাসিন্দা ছিলেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মেহেদী হাসান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সংশ্লিষ্টরা জানিয়েছেন, তাঁকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা–দিনাজপুর মহাসড়কের পর্যটন মোটেলের বিপরীতে থাকা ফিলিং স্টেশনে মোটরসাইকেলে তেল নিতে যান তিনি। তবে তিনি সাধারণ সারিতে ছিলেন না, বরং ফাঁকা স্থানে অবস্থান করছিলেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিকেল ৪টা ৩৬ মিনিটে তিনি ফিলিং স্টেশনের কর্মচারীর সঙ্গে কথা বলছিলেন। কিছুক্ষণ পর হেঁটে সামনের দিকে এগোতেই হঠাৎ মাটিতে ঢলে পড়েন। এ সময় আশপাশের লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করেন এবং হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন।

ফিলিং স্টেশনের কর্মচারীরা জানান, মৃত্যুর পর সন্ধ্যায় তাঁর এক স্বজন এসে মোটরসাইকেলটি নিয়ে যান।

ঘটনার সময় ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন কৃষি উপসহকারী কর্মকর্তা মাহে আলম এবং রংপুর মহানগর কোতোয়ালি থানার পরিদর্শক সাদ্দাম সরকার। তিনি জানান, শিক্ষকটি হঠাৎ পড়ে যান এবং কথা বলতে পারছিলেন না। পরে দ্রুত তাঁকে হাসপাতালে পাঠানো হয়।

মেহেদী হাসান ছিলেন রংপুর জিলা স্কুলের ২০১০ ব্যাচের শিক্ষার্থী এবং পরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ছাত্র। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার, সহকর্মী এবং বন্ধুবান্ধবদের মধ্যে গভীর শোক বিরাজ করছে।

 

Read more — উত্তরাঞ্চল
Home