
রাজশাহীতে তেল বিক্রিতে অনিয়ম, মজুতের সঠিক হিসাব না থাকা এবং গ্রাহকদের রশিদ না দেওয়ার অভিযোগে একটি পেট্রোল পাম্পকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে পবা উপজেলার দারুশা এলাকায় মতিউর ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে এ জরিমানা করে র্যাব ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট। জেলা প্রশাসকের সহকারী সামিয়া রহমান সাংবাদিকদের জানান, সম্প্রতি সরকার পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করতে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দিয়েছে। নিয়মিত মোবাইল কোর্ট কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। তিনি আরও বলেন, তদন্তের সময় পাম্পের কার্যক্রমে ব্যাপক বিশৃঙ্খলা ও গুরুতর অনিয়ম ধরা পড়ে। পাম্প কর্তৃপক্ষ কোনো প্রমাণ ছাড়া তেল বিক্রি করছিল এবং গ্রাহকদের স্লিপ বা রিসিট প্রদান করছিল না। এছাড়া তাদের কাছে প্রয়োজনীয় তথ্য বা মজুতের সঠিক হিসাবও যাচাইযোগ্য ছিল না। সকল অপরাধের ভিত্তিতে ওই পেট্রোল পাম্পকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানকালে প্রশাসনের মনিটরিং অফিসার, র্যাব-৫ ও সংশ্লিষ্ট ট্যাগ অফিসার উপস্থিত ছিলেন। ইএফ/

