
চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের সময় দুই বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার (০৬ এপ্রিল) আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে গোমস্তাপুর উপজেলার ১৬ বিজিবির রোকনপুর বিওপির আওতাধীন সীমান্ত পিলারের প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জোড়া ব্রিজ নামক স্থান থেকে তাদের আটক করা হয়। তারা ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের করে। আটককৃতরা হলেন যশোর জেলার শার্শা উপজেলার পাঁচভুলাট গ্রামের গোলাম হোসেনের মেয়ে মোসা. মাছুরা খাতুন (৪৮) ও কুমিল্লা জেলার হোমনা উপজেলার ভিটামিনা গ্রামের মালু মিয়ার মেয়ে মোসা. লাকী আক্তার (২৪)।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতার (ওসি) নূরে আলম জানান, বিজিবি রাতে তাদের গোমস্তাপুর থানা পুলিশের কাছে দুইজন বাংলাদেশীকে হস্তান্তর করেছে। আমরা তার পরিবারকে খবর দিয়েছি। তাদের পরিচয় যাচাই বাছাই শেষে পরিবারের নিকট তাদেরকে হস্তান্তর করা হবে।
ইএফ/

