উত্তরা প্রতিদিন
ঢাকা

উত্তরা প্রতিদিন কার্যালয় পরিদর্শনে ইউনেস্কো প্রতিনিধি দল

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ৫ এপ্রিল ২০২৬, ০৯:২৪ অপরাহ্ণ
উত্তরা প্রতিদিন কার্যালয় পরিদর্শনে ইউনেস্কো প্রতিনিধি দল

উত্তরাঞ্চলের জনপ্রিয় দৈনিক উত্তরা প্রতিদিন পত্রিকার কার্যালয় পরিদর্শন করেছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা-ইউনেস্কোর একটি প্রতিনিধি দল। আজ রোববার রাজশাহী সিটি করপোরেশনের সামনে অবস্থিত কার্যালয়টি পরিদর্শন শেষে উত্তরা প্রতিদিন পরিবারের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হয় ওই প্রতিনিধি দল।

মতবিনিময় সভায় মফস্বল সাংবাদিকতার সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। প্রতিনিধি দলের সদস্যরা স্থানীয় গণমাধ্যমের সক্ষমতা উন্নয়নে পারস্পরিক সহযোগিতার আশ্বাস দেন।

পরিদর্শন দলে ছিলেন ‘ইউএন ব্যালোট’ প্রকল্পের প্রজেক্ট লিড শাকিল এম ফয়সাল, ইউনেস্কোর কনসালট্যান্ট রাকিবুল ইসলাম এবং সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্টের (সাকমিড) প্রোগ্রাম অফিসার (কমিউনিটি মবিলাইজেশন অ্যান্ড অ্যাডভোকেসি) আবু সুফিয়ান ও প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট ও ফেলো আলী হাসের আল আমিন।

এ সময় উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত করিম, বার্তা সম্পাদক আমজাদ হোসেন শিমুল, বিশেষ প্রতিনিধি সুজন আলী, প্রধান প্রতিবেদক আবু সাঈদ রনি এবং জ্যেষ্ঠ সহ-সম্পাদক আহসান হাবিব উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে প্রজেক্ট লিড শাকিল এম ফয়সাল বলেন, মফস্বল সাংবাদিকতা দেশের তথ্যপ্রবাহের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। স্থানীয় পর্যায়ের বাস্তবতা, সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরতে এই ধারা অপরিহার্য ভূমিকা রাখছে। তবে দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিগত সহায়তা এবং প্রাতিষ্ঠানিক সমর্থনের অভাবে অনেক ক্ষেত্রেই এ খাত পিছিয়ে রয়েছে। আমরা চাই অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করে স্থানীয় গণমাধ্যমকে আরও শক্তিশালী করতে, যাতে তারা নির্ভরযোগ্য ও প্রভাবশালী সাংবাদিকতা করতে পারে।

উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত করিম বলেন, মফস্বল সাংবাদিকতা নানা সীমাবদ্ধতার মধ্যেও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে। মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ, যাচাই এবং প্রকাশের ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। এ ধরনের আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে করে পেশাগত দক্ষতা যেমন বাড়বে, তেমনি গণমাধ্যমের প্রতি মানুষের আস্থাও আরও সুদৃঢ় হবে।

Read more — উত্তরাঞ্চল
Home