উত্তরা প্রতিদিন
ঢাকা

একই দিনে একই কৌশলে রুয়েট এলাকায় ছিনতাইয়ের শিকার দুই শিক্ষার্থী

উত্তরা প্রতিদিন রুয়েট প্রতিবেদক ৫ এপ্রিল ২০২৬, ০৮:১৮ অপরাহ্ণ
একই দিনে একই কৌশলে রুয়েট এলাকায় ছিনতাইয়ের শিকার দুই শিক্ষার্থী
একই দিনে একই কৌশলে রুয়েট এলাকায় ছিনতাইয়ের শিকার দুই শিক্ষার্থী - উত্তরা প্রতিদিন

 

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) সংলগ্ন আরএইচ (RH) গেট এলাকায় একই দিনে একই কৌশলে ছিনতাইয়ের শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের এক বর্তমান ও এক সাবেক শিক্ষার্থী। পৃথক সময়ে সংঘটিত এ দুই ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

ভুক্তভোগীদের একজন সুদীপ্ত সাহা প্রিয়ম, যিনি রুয়েটের বিইসিএম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের (২০ সিরিজ) শিক্ষার্থী। তিনি জানান, শনিবার (৪ এপ্রিল) বিকেল আনুমানিক ৫টার দিকে টিউশন শেষে আরএইচ গেটের বিপরীত পাশে অটোরিকশার জন্য অপেক্ষা করার সময় এক অজ্ঞাত ব্যক্তি তার সঙ্গে কথোপকথন শুরু করে। কিছুক্ষণ পর আরও দুজন সেখানে এসে তাকে ঘিরে ফেলে। প্রথমে স্বাভাবিক কথাবার্তার মাধ্যমে পরিস্থিতি তৈরি করলেও একপর্যায়ে তারা অভিযোগ তোলে যে তিনি নাকি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং তাকে মারার ‘অর্ডার’ রয়েছে।

এক পর্যায়ে ছিনতাইকারীরা তাকে ভয় দেখাতে ছুরি প্রদর্শন করে এবং তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে তাকে জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে নিয়ে নগদ ১০ হাজার টাকা আদায় করে ছেড়ে দেয়। ঘটনার সময় আশপাশে লোকজন থাকলেও কেউ এগিয়ে আসেনি বলে জানান তিনি।

একই দিনে এবং একই এলাকায় ছিনতাইয়ের শিকার হন রুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের (১৯ সিরিজ) সাবেক শিক্ষার্থী মাহমুদুল আহসান। তিনি জানান, শনিবার (৪ এপ্রিল) রাত ৯টার পর ভদ্রা থেকে আরএইচ গেটের দিকে আসার পথে দুই ব্যক্তি তাকে থামিয়ে একইভাবে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ তোলে এবং প্রাণনাশের হুমকি দেয়।

তিনি আরও জানান, ছিনতাইকারীরা তার ব্যাগ তল্লাশি করে সার্টিফিকেটের ফাইল দেখে পরিচয় যাচাইয়ের চেষ্টা করে এবং একটি ইট তুলে নিয়ে তাকে হত্যার হুমকি দেয়। প্রথমে ১০ হাজার টাকা দাবি করলেও শেষ পর্যন্ত তার মানিব্যাগ থেকে ২ হাজার টাকা নিয়ে তাকে ছেড়ে দেয়। এ সময় তার সঙ্গে থাকা ল্যাপটপ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার আশঙ্কা তৈরি হলেও সেগুলো অক্ষত থাকে।

এদিন একই এলাকায় একই কৌশলে সংঘটিত দুইটি ছিনতাইয়ের ঘটনায় রুয়েট শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে আরএইচ গেট ও আশপাশের এলাকায় এ ধরনের ঘটনা ঘটলেও কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর হস্তক্ষেপ এবং এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন রুয়েটের শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা।

 

ইএফ/

Read more — উত্তরাঞ্চল
Home