
হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চিকিৎসা ব্যবস্থাসহ সার্বিক পরিস্থিতির খোঁজখবর নিতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। আজ শনিবার সকালে তিনি রামেক হাসপাতালের আইসিইউ, শিশু ওয়ার্ডসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং হাম রোগের চিকিৎসাসহ অন্যান্য সেবার খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে রাসিক প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে গুরুত্ব দিচ্ছে। ফলে, রামেক হাসপাতাল ও শিশু হাসপাতালে আইসিইউ বেডের সংখ্যা বৃদ্ধি করা হবে।
তিনি আরও বলেন, রামেক হাসপাতালে বর্তমানে আইসিইউ বেডের সংকট রয়েছে। তবে দ্রুত সময়ের মধ্যে বেড সংখ্যা বাড়ানোর প্রক্রিয়া চলমান আছে। হাম রোগসহ সার্বিক চিকিৎসা সেবায় রাজশাহী সিটি কর্পোরেশন রামেক হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সহযোগিতা দেবে।
মাহফুজুর রহমান রিটন বলেন, দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় হামের প্রাদুর্ভাব তুলনামূলক কম। সচেতনতা ও সতর্কতার কারণে এটি সম্ভব হয়েছে। সম্মিলিত প্রচেষ্টায় আগামীতেও এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।
তিনি জানান, ইপিআই কর্মসূচির আওতায় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নিয়মিত টিকাদান কার্যক্রম চালানো হচ্ছে এবং তা অব্যাহত থাকবে। যেসব ওয়ার্ডে হামের প্রাদুর্ভাব বেশি, সেখানে বিশেষ নজর দিয়ে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।
হাম প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ইতোমধ্যে লিফলেট বিতরণসহ বিভিন্ন প্রচারণা কার্যক্রম শুরু হয়েছে জানিয়ে রাসিক প্রশাসক বলেন, গত শুক্রবার থেকে নগরীর ৩০টি ওয়ার্ডে একযোগে এসব কার্যক্রম চালানো হচ্ছে।
নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় রাজশাহী সিটি কর্পোরেশন সর্বাত্মকভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
পরিদর্শনকালে রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকে এম মাসুদ উল ইসলাম, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগমসহ হাসপাতালের চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

