উত্তরা প্রতিদিন
ঢাকা

চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ৪৯ কেজি গাঁজাসহ ৩ জন আটক

উত্তরা প্রতিদিন চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক ৩ এপ্রিল ২০২৬, ০৯:০৬ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ৪৯ কেজি গাঁজাসহ ৩ জন আটক
চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ৪৯ কেজি গাঁজাসহ ৩ জন আটক

চাঁপাইনবাবগঞ্জে মালবাহী ট্রাকে অভিনব কায়দায় মাদক পরিবহনের সময় বিপুল পরিমাণ গাঁজাসহ তিন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫। বৃহস্পতিবার দুপুরে সদর থানাধীন মহানন্দা সেতু টোল ঘর সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। ​গ্রেফতারকৃতরা হলেন​ মো. আলফাজ মিয়া (২৩), মো. রকি আহমেদ (২৬) ও মো. সানোয়ার আহমেদ (১৯)। ​ ​র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল জানতে পারে যে, হবিগঞ্জ থেকে একটি মালবাহী ট্রাকে বিপুল পরিমাণ গাঁজা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানাধীন কানসাটের উদ্দেশ্যে আসছে। ​উক্ত সংবাদের ভিত্তিতে মহানন্দা সেতুর টোল ঘরের সামনে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু করে র‍্যাব। সকাল ১০:৩০ মিনিটের দিকে একটি মালবাহী ট্রাককে থামার সংকেত দেওয়া হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে ট্রাকের পেছনের ডালায় ত্রিপল দিয়ে ঢাকা তুলা ও গার্মেন্টস ঝুটের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪৯ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ​ ​অভিযানকালে মাদক ছাড়াও মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি ট্রাক, ১৩০ বস্তা গার্মেন্টস ঝুট তুলা, ০২টি স্যালো মেশিন, ০৪টি মোবাইল ফোন এবং নগদ ১২,৮০০ টাকা জব্দ করা হয়। ​র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র‍্যাবের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়। ইএফ/

Read more — উত্তরাঞ্চল
Home