
রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও মহানগর এলাকায় দেশীয় ধারালো অস্ত্র ও ছুরি ব্যবহার করে ডাকাতি করে আসছিলেন জসিম উদ্দিন জুয়েলসহ তার ৫ সহযোগী। অবশেষে ডাকাতির নেতৃত্ব দেয়া সেই ‘মাস্টারমাইন্ড’ জুয়েলকে অবশেষে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
শুক্রবার (৩ এপ্রিল) সকাল ৮টার দিকে রাজশাহীর তানোর উপজেলায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতা জসিম উদ্দিন জুয়েলকে (৩৩) গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ট্রাক, দেশীয় অস্ত্র, বিভিন্ন সরঞ্জাম এবং মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেপ্তার জুয়েলের বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলার কুশারঘোপ গ্রামে। শুক্রবার দুপুরে র্যাব-৫ এর সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়।
র্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ জানালেন, শুক্রবার সকালে র্যাব-৫ এর রাজশাহী সদর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল তানোর উপজেলার কচুয়া নামাপাড়া গ্রামের ইয়ার উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
তিনি আরো বলেছেন, এর আগে র্যাব-১২ এর একটি দল বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের আরও চার সদস্যকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজশাহীতে অভিযান চালিয়ে চক্রটির মূলহোতা জুয়েলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার পাঁচজন দীর্ঘদিন ধরে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও মহানগর এলাকায় দেশীয় ধারালো অস্ত্র ও ছুরি ব্যবহার করে ডাকাতি করে আসছিলেন। জুয়েল এই চক্রের নেতৃত্ব দিতেন এবং তিনি একজন দুর্ধর্ষ ডাকাত হিসেবে পরিচিত।
র্যাবের এই কর্মকর্তা জানালেন, তার বিরুদ্ধে বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুরসহ রাজশাহীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। পরে আসামিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় দায়ের করা একটি ডাকাতি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
ইএফ/

