উত্তরা প্রতিদিন
ঢাকা

রাজশাহীর অসহায় টুলি বেগমের কাছে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ৩ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ণ
রাজশাহীর অসহায় টুলি বেগমের কাছে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

রাজশাহীর অসহায় নারী টুলি বেগমের জীবনসংগ্রামের গল্প গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার পক্ষ থেকে টুলি বেগমকে একটি নতুন ব্যাটারিচালিত অটোরিকশা ও নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

আজ শুক্রবার বেলা ১১টায় রাজশাহীর বড়গাছি মালপাড়া আশ্রয় কেন্দ্র এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল টুলি বেগমের সঙ্গে সাক্ষাৎ করে এ সহায়তা তুলে দেয়। প্রতিনিধি দলে নেতৃত্ব দেন নরসিংদীর রায়পুরার সংসদ সদস্য ও সংগঠনটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রতিনিধি দলটি টুলি বেগমের পরিবারের খোঁজখবর নেয় এবং তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেয়। একই সঙ্গে নতুন অটোরিকশা ও নগদ অর্থ তুলে দিয়ে ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস প্রদান করা হয়।

এর আগে 'অটোরিকশা চালিয়ে মা টুলি বেগমের বেঁচে থাকার লড়াই' শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হলে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। পরবর্তীতে তার নির্দেশনায় অসহায় এই নারীর পাশে দাঁড়ানো হয়।

সহায়তা পেয়ে আবেগাপ্লুত টুলি বেগম বলেন, 'আমি কখনো ভাবিনি আমার মতো একজন মানুষের খোঁজ কেউ নেবে। প্রধানমন্ত্রী আমাকে যে উপহার পাঠিয়েছেন, তার জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। নতুন অটোরিকশা পাওয়ায় এখন আমি নিয়মিতভাবে কাজ করতে পারব এবং আমার পরিবারের খরচ চালাতে কিছুটা স্বস্তি পাব। আল্লাহর কাছে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।'

‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, 'টুলি বেগমের কষ্টের গল্প আমরা অনলাইনে দেখেছি। বিষয়টি জানার পর মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের নির্দেশ দেন যেন দ্রুত তার পাশে দাঁড়ানো হয়। তারই নির্দেশনায় আমরা আজ এখানে এসে একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও নগদ সহায়তা প্রদান করেছি। প্রধানমন্ত্রী সবসময়ই অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে চান।'

তিনি আরও বলেন, 'শুধু টুলি বেগমই নন, সারাদেশে খুন, গুম ও নির্যাতনের শিকার বহু পরিবার এবং অসংখ্য অসহায় মানুষের পাশে তিনি নিয়মিত সহায়তা পৌঁছে দিচ্ছেন। আমরা বিএনপি পরিবার ভবিষ্যতেও আরও বড় পরিসরে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।'

রাসিকের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, 'প্রধানমন্ত্রী তারেক রহমান একজন মানবিক নেতা। তিনি সবসময় নির্যাতিত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। কোনো অসহায়ের খবর তার নজরে এলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তার নেতৃত্বে আমরা মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।'

এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, ফরহাদ আলী সজীব, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী, রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন প্রমুখ।

Read more — উত্তরাঞ্চল
Home