
রাজশাহী নগরের চৌদ্দপাই বিহাস মোড় এলাকায় ক্ষমতার দাপট দেখিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ তুলে প্রশাসনের হস্তক্ষেপ ও নিজেদের নিরাপত্তা চেয়েছে এক পরিবার। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজা ইয়াসমিন খুশি। তিনি জানান, অভিযুক্তরা সন্ত্রাসী বাহিনী ব্যবহার করে বসতভিটা ও বাড়ির সামনে থাকা মার্কেট জোরপূর্বক দখল করতে চেয়েছে। ২৬ মার্চ সকালে শতাধিক লোক জমিতে প্রবেশ করে এবং পরিবারের একমাত্র চলাচলের রাস্তা সাইনবোর্ড দিয়ে বন্ধ করে দেয়। এতে পরিবারের চলাচল ব্যাহত হওয়ায় তাঁদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে।
ভুক্তভোগীরা জানিয়েছেন, তারা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। প্রাণনাশের হুমকির কারণে ঘর থেকে বের হতেও ভয় পাচ্ছেন এবং বাসাতেও নিরাপদ বোধ করছেন না।
খাদিজা প্রশাসনের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে বলেন, লিখিত অভিযোগ দিলেও মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পক্ষপাতদুষ্ট আচরণের কারণে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
সংবাদ সম্মেলন থেকে কয়েকটি দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে- সুষ্ঠু তদন্তের মাধ্যমে দখলচেষ্টার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া, ভুক্তভোগী পরিবারকে নিরাপত্তা দেওয়া, দখলদারদের উচ্ছেদ করে জমি, বাড়ি ও মার্কেটের দখল ফিরিয়ে দেওয়া, ভুয়া দলিল ও প্রভাব খাটিয়ে সম্পত্তি দখলের চেষ্টাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং দায়িত্বে অবহেলা ও পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগে সংশ্লিষ্ট থানার কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া।
ভুক্তভোগীরা জানিয়েছেন, দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে তার দায় প্রশাসনকেই নিতে হবে এবং ন্যায্য অধিকার আদায়ে তাঁরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, 'জমি সংক্রান্ত বিরোধ আদালতে বিচারাধীন। উভয় পক্ষকে আদালতের মাধ্যমে বিষয়টি সমাধানের পরামর্শ দেওয়া হয়েছে।'
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত উজির ও কাউসার আলীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

