
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পরিত্যক্ত ব্যাগ থেকে বিপুল পরিমাণ গান পাউডার ও কাঁচের গুড়া উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসির একটি দল মঙ্গলবার রাতে উপজেলার বিজয়নগর এলাকায় অভিযান চালিয়ে বিস্ফোরক তৈরির এসব উপকরণ উদ্ধার করে।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ঘটনাস্থলে একটি সাদা রঙের প্লাস্টিকের ব্যাগ ও একটি লাল রঙের শপিং ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে ব্যাগ দুটি তল্লাশি করে সেগুলোর ভেতর থেকে বিস্ফোরক তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। উদ্ধার সামগ্রীর মধ্যে রয়েছে ১২ কেজি ৫৮০ গ্রাম গান পাউডার এবং ২ কেজি ১৪০ গ্রাম ভাঙা কাঁচের গুড়া। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যেই এসব উপকরণ সেখানে রাখা হয়েছিল।
র্যাব আরও জানায়, উদ্ধারকৃত আলামত তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোদাগাড়ী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

