
বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে রাজশাহী অঞ্চলকে রক্ষা এবং পদ্মা ব্যারেজ নির্মাণসহ উত্তর রাজশাহী সেচ প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১০টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রাজশাহী জেলা কমিটি ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
পদ্মা নদী বাঁচলে, রাজশাহী বাঁচবে; ভূ-উপরিস্থ পানির ব্যবহার নিশ্চিত কর এবং অবিলম্বে উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়ন করতে হবে—এমন নানা স্লোগানে মানববন্ধনে অংশ নেন সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা।
বক্তারা বলেন, নদীমাতৃক দেশ হওয়া সত্ত্বেও রাজশাহীর পদ্মা নদীসহ দেশের অনেক নদী খরা মৌসুমে পানিশূন্য হয়ে পড়ছে। পানির স্তর নিচে নেমে যাওয়ায় সেচব্যবস্থা ব্যাহত হচ্ছে এবং কৃষকরা চরম সংকটে পড়ছেন। একই সঙ্গে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর নাব্যতা ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
তারা আরও বলেন, বরেন্দ্র অঞ্চলের পানিসংকট নিরসনে টেকসই ও দীর্ঘমেয়াদি উদ্যোগ নেওয়া জরুরি। পদ্মা নদীতে ক্যাপিটাল ড্রেজিং করে পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা এবং ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহারে ঘোষিত পদ্মা ব্যারেজ নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা।
মানববন্ধনে রাজশাহীর স্বাস্থ্যসেবা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। বক্তারা বলেন, প্রয়োজনীয় চিকিৎসাসেবার অভাবে সাম্প্রতিক সময়ে বহু শিশুর মৃত্যু হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাপা রাজশাহী জেলার সভাপতি মাহমুদ হোসেন, সাধারণ সম্পাদক সেলিনা বেগম, সাবেক সভাপতি জামাত খান, সহ-সভাপতি ও রাজশাহী কলেজের সহযোগী অধ্যাপক মো. জুয়েল কিবরিয়া, দুর্গাপুর উপজেলার সাবেক প্যানেল চেয়ারম্যান রুপালি খাতুন, পবা উপজেলার সভাপতি রহিমা বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

