উত্তরা প্রতিদিন
ঢাকা

এক টাকায় ইফতার বিতরণের ব্যতিক্রমী উদ্যোগ

উত্তরা প্রতিদিন চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ণ
এক টাকায় ইফতার বিতরণের ব্যতিক্রমী উদ্যোগ
চাঁপাইনবাবগঞ্জে বিএনপির উদ্যোগে এক টাকায় ইফতার বিতরণ চলছে -উত্তরা প্রতিদিন

পবিত্র রমজান উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে মাত্র এক টাকায় ইফতার সামগ্রী বিতরণের এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জেলা বিএনপি। কলা, খেজুর, বেগুনি, পেঁয়াজু, জিলাপি ও শসা-গাজরসহ প্রায় ১২ থেকে ১৫ ধরনের ইফতার সামগ্রী সমৃদ্ধ এই প্যাকেজ পেয়ে খুশি স্থানীয় নিম্ন আয়ের মানুষ।

বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের সরকারি কলেজের প্রধান ফটকের সামনে বসছে ‘এক টাকার ইফতার’ নামের স্টলটি।

শহরের মাস্টারপাড়া এলাকার রিকশা চালক আতিকুর রহমান বলেন, সারাদিন রিকশা চালিয়ে ২০০ টাকার বেশি আয় করা যায় না। এই টাকা দিয়ে ইফতার কেনা কঠিন। কারণ, অন্য বাজার করতে হয়। তবে ১ টাকায় ইফতার পেয়ে ভাল লাগছে। ১ টাকায় অন্তত ১৫ রকমের খাবার পেলাম।

এই মানবিক কর্মসূচির মাধ্যমে সমাজের ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ যেন স্বাচ্ছন্দ্যে ইফতার করতে পারেন— সেই লক্ষ্যেই আয়োজন করা হয়েছে বলে জানান জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম। তিনি বলেন, রমজানে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল উদ্দেশ্য।

স্থানীয় সুশীল সমাজও উদ্যোগটিকে সাধুবাদ জানিয়েছে। তাদের মতে, এমন কার্যক্রম সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এর আগে গত বছরও প্রথম রোজা থেকে শেষ রমজান পর্যন্তও এক টাকায় ইফতার বিতরণ করা হয়।

 

 

ইএফ/

Read more — উত্তরাঞ্চল
Home