উত্তরা প্রতিদিন
ঢাকা

রমজান উপলক্ষে রাজশাহীতে ব্যবসায়ী সমিতির সাথে চেম্বারের মতবিনিময়

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ণ
রমজান উপলক্ষে রাজশাহীতে ব্যবসায়ী সমিতির সাথে চেম্বারের মতবিনিময়
রাজশাহীতে ব্যবসায়ী সমিতির সাথে মতবিনিময় সভায় চেম্বার নেতৃবৃন্দ -উত্তরা প্রতিদিন

পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ ও বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে রাজশাহীর বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টি। বুধবার (১৮ ফেব্রয়ারি) দুপুরে ‘চেম্বার বোর্ডরমে’ অনুষ্ঠিত সভাপতিত্ব করেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টির সভাপতি মাসুদুর রহমান রিংক।

সভায় উপস্থিত চেম্বারের নেতৃবৃন্দ ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে রমজান মাসে পণ্যের চাহিদা ও সরবরাহ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রমজান মাসে কোন অবস্থাতেই পণ্যের কৃত্রিম সংকট তৈরী বা অতিরিক্ত মুনাফা না করা এবং প্রতিটি দোকানের সম্মুখে পণ্যের মুল্য তালিকা প্রদর্শন নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। 

সভায় চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মো. সুলতান মাহমুদ সুমন বলেন, ব্যবসায়ীরা হলেন অর্থনীতির চালিকা শক্তি অথচ বিভিন্ন সরকারি সংস্থার অভিযানে যখন দেখি ব্যবসায়ীরা আর্থিক ফাইন কিংবা জেল জরিমানার সম্মুখিন হচ্ছে তখন একজন ব্যবসায়ী হিসেবে খুব কষ্ট লাগে। এক্ষেত্রে আমাদের নিজেদেরকে আগে সংশোধন হতে হবে।

রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদ এর সভাপতি ও সাবেক আরসিসিআই পরিচালক হারুন উর রশিদ বলেন,  ব্যবসায়ীদের মধ্যে যে সিন্ডিকেট আছে তা অস্বীকার করা যাবে না। রমজানে ক্রেতাদের পণ্য ক্রয়ের হার বেশি থাকার কারণেও পণ্যের দাম বাড়ে।

নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি নূর কুতবি আলম মুনু বলেন, রমজান মাসে ইসলামিক দেশগুলোতে পণ্যের দাম কমে কিন্তু আমাদের দেশে এ সময় পণ্যের দাম বাড়ে তাই এ বিষয়ে তিনি ব্যবসায়ী মহলের দৃষ্টি আকর্ষণ করেন।

পাদুকা ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শফিকুর রহমান রিপন বলেন, রমজান মাসে ভোক্তা অধিকার কিংবা জেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনার সময় যেন চেম্বার হতে অন্তত একজন প্রতিনিধি উপস্থিত থাকে সে বিষয়ে চেম্বার সভাপতির মাধমে প্রশাসনের দৃস্টি আকর্ষণ করছি।  

আরসিসিআই পরিচালক মো. সাদরুল ইসলাম বলেন, রমজানে ব্যবসায়ীরা সরকারি সংস্থা কর্তৃক অনাকাক্সিক্ষত যে কোন সমস্যা বা প্রতিবন্ধকতার সম্মুখিন হলে চেম্বার সবসময় আপনাদের পাশে আছে।  

চেম্বার সভাপতি মাসুদুর রহমান রিংকু বলেন, রমজান মাস সংযম ও ত্যাগের মাস। সাধারণ মানুষকে যাতে এ সময় কোন অতিরিক্ত দুর্ভোগ পোহাতে না হয় সে দিকে ব্যবসায়ীদের আন্তরিকতা নিয়ে এগিয়ে আসতে হবে। কেউ যাতে অহেতুক বাজার অস্থির করার চেষ্টা করতে না পারে সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে এবং এর পাশাপাশি ক্রেতাদেরকেও চাহিদার তুলনায় অধিক পণ্য ক্রয় না করার জন্য অনুরোধ জানান।

ইএফ/ 

Read more — উত্তরাঞ্চল
Home