উত্তরা প্রতিদিন
ঢাকা

দীর্ঘ দুই দশক পর মন্ত্রী পাওয়ায় উচ্ছ্বাসে ভাসছে রাজশাহী

ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে মিজানুর রহমান মিনু
উত্তরা প্রতিবেদক ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৯ অপরাহ্ণ
 দীর্ঘ দুই দশক পর মন্ত্রী পাওয়ায় উচ্ছ্বাসে ভাসছে রাজশাহী

দীর্ঘ প্রায় দুই দশক পর মন্ত্রিসভায় সরাসরি প্রতিনিধিত্ব পেল রাজশাহী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় স্থান পেয়েছেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। তাকে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এতে রাজশাহীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার অবসান হলো বলে মনে করছেন নেতাকর্মী ও সাধারণ মানুষ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবগঠিত সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নেন তিনি। শপথ গ্রহণের পর থেকেই রাজশাহী মহানগর ও আশপাশের এলাকায় শুরু হয় আনন্দ-উচ্ছ্বাস। নগরীর বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীরা মিষ্টি বিতরণ, আনন্দ মিছিল ও শুভেচ্ছা বিনিময় করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখা যায় শুভেচ্ছা আর প্রত্যাশার বার্তা।

এর আগে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আমিনুল ইসলাম ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন। সেই সময়ের পর দীর্ঘ বিরতির অবসান ঘটিয়ে আবারও মন্ত্রিসভায় স্থান পেল রাজশাহী।

উচ্ছাস প্রকাশ করে রাজশাহীবাসী জানান, এটি শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, বরং উন্নয়নের নতুন সম্ভাবনার দুয়ার।

নগরীর সাহেববাজার এলাকার ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম বলেন, 'দীর্ঘদিন পর রাজশাহী থেকে একজন পূর্ণমন্ত্রী পাওয়া নিঃসন্দেহে ইতিবাচক দিক। বিশেষ করে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় উত্তরাঞ্চলের জমি-সংক্রান্ত জটিলতা নিরসন, খাসজমি ব্যবস্থাপনা ও ডিজিটাল ভূমি সেবায় গতি আসতে পারে। এটি সত্যিই গর্বের বিষয়। আমরা চাই, তিনি নীতিগত স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করবেন। পাশাপাশি আমরা আশা করি, ব্যবসা-বাণিজ্য ও অবকাঠামো উন্নয়নে নতুন গতি আসবে।'

রাজশাহী কলেজের শিক্ষার্থী সাইফুল ইসলাম মনে করেন, এটি শুধু একজন ব্যক্তির অর্জন নয়, পুরো রাজশাহীর অর্জন। আমরা চাই, নতুন মন্ত্রী তরুণদের কর্মসংস্থান, শিক্ষা ও প্রযুক্তি খাতে বিশেষ উদ্যোগ নেবেন।

তিনি আরও বলেন, রাজশাহীতে শিল্প ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য অনেক সম্ভাবনা থাকলেও প্রয়োজন সরকারি সহায়তা ও সমন্বিত পরিকল্পনা। আমাদের আশা, নতুন মন্ত্রী স্থানীয় উন্নয়ন প্রকল্পে নারীদের অংশগ্রহণ বাড়াবেন এবং ভূমি সংক্রান্ত হয়রানি কমাতে কার্যকর উদ্যোগ নেবেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাজ্জাদ হোসেন বলেন, আমরা চাই, তরুণদের কর্মসংস্থান, আইটি পার্ক, স্টার্টআপ ও আধুনিক নগর উন্নয়নে দৃশ্যমান উদ্যোগ নেওয়া হোক।

নেতাকর্মীরা জানান, মিনুর মন্ত্রিত্বে রাজশাহীর অবকাঠামো, ভূমি ব্যবস্থাপনা, শিল্পায়ন ও নদীভাঙনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে সমন্বিত উদ্যোগ নেওয়া সম্ভব হবে। বিশেষ করে ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন ও ডিজিটাল ভূমি সেবা সম্প্রসারণে কার্যকর পদক্ষেপের প্রত্যাশা করছেন তারা।

রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, দীর্ঘদিন পর রাজশাহীতে পূর্ণাঙ্গ মন্ত্রী পাওয়া গেছে। এটা শুধু রাজনৈতিক সাফল্য নয়, রাজশাহীর মর্যাদার প্রশ্নও ছিল। তাই এটি আমাদের জন্য আনন্দের। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা আশা করি মিজানুর রহমান মিনু সেগুলো বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনে ১১৫টি কেন্দ্রের ফলাফলে ১ লাখ ২৮ হাজার ৫৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন মিজানুর রহমান মিনু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর পেয়েছেন ১ লাখ ৩৭০ ভোট।

Read more — উত্তরাঞ্চল
Home